পরিবারের মুখে হাসি ফোটাতে মালয়েশিয়ায়, প্রাণ গেল কর্মস্থলের দুর্ঘটনায়
আব্দুল কাদের,তাজাখবর২৪.কম,মালয়েশীয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় নির্মাণকাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৪ বছর বয়সী মো: নাসির নামে এক বাংলাদেশি প্রবাসী।বুধবার (২৮ অক্টোবর) দুপুরে জহুর রাজ্যের পাসির গুদাং এলাকায় সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।পুলিশের প্রাথমিক ধারণা, ভারী নির্মাণযন্ত্রের চাকায় থাকা শিকলের আঘাতে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, যন্ত্রটির চালক এক সহকর্মীর কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে তিনি ওই বাংলাদেশি শ্রমিককে যন্ত্রের পাশে পড়ে থাকতে দেখেন। পরে প্রকল্পের তত্ত্বাবধায়ককে জানানোর পাশাপাশি পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ বিকেল ৪টা ৫১ মিনিটে দুর্ঘটনার খবর পায়।কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে। মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১(১) ধারায় ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
প্রবাসে পরিবারের সচ্ছলতার স্বপ্ন নিয়ে প্রতিদিন কাজে যান হাজারো বাংলাদেশি। কিন্তু কর্মস্থলের একটি দুর্ঘটনা মুহূর্তেই থামিয়ে দিতে পারে কারও জীবন, কেড়ে নিতে পারে একটি পরিবারের বেঁচে থাকার অবলম্বন। এই প্রবাসীর মৃত্যুর খবরে আবারও সামনে এলো ভারী যন্ত্রপাতি নিয়ে কাজের সময় নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮