স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক
তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের মধ্যাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে রাজধানী মাদ্রিদের দক্ষিণে টলেডো প্রদেশের উর্দার কাছে দ্রুতগতির রেলপথে এ দুর্ঘটনা ঘটে। ওই রেলপথটি মাদ্রিদকে দক্ষিণাঞ্চলীয় শহর সেভিলের সঙ্গে যুক্ত করেছে।দুর্ঘটনায় জড়িত ট্রেন দুটির একটি স্পেনের রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফে পরিচালিত এভিই দ্রুতগতির ট্রেন, যা মাদ্রিদ থেকে সেভিল যাচ্ছিল। অন্য ট্রেনটি পরিচালনা করছিল বেসরকারি রেল কোম্পানি ইরিও।কাস্তিয়া-লা মাঞ্চা আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্তের পাদিয়া স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিইকে জানান, ট্রেন দুটি একই দিকে যাচ্ছিল।
এ সময় একটি ট্রেন থেমে থাকা অন্য ট্রেনটির পেছনে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়।প্রাথমিকভাবে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকেন্দ্রের ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে কর্মকর্তারা ধারণা করছেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, ‘আজ পুরো স্পেন শোকাচ্ছন্ন।’ তিনি জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি কিংবা অবহেলার প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও বলেন, স্পেনের মতো একটি দেশে একই বছরে দুটি উচ্চগতির ট্রেন দুর্ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, মাত্র নয় মাস আগে স্পেনের দক্ষিণাঞ্চলে আরেকটি ভয়াবহ রেল দুর্ঘটনায় ৪৫ জন নিহত হয়েছিলেন। সে সময় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়।দীর্ঘদিন ধরে স্পেনের রেল নেটওয়ার্ক দেশটির অন্যতম গর্ব হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে এক বছরে দুটি প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনায় দেশটির রেল নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।সূত্র: দ্য গার্ডিয়ান
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮