প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:৩২ পিএম (ভিজিট : )
আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিনদিনে বাতিল মোট ৯ফ্লাইট
তাজাখবর২৪.কম,ঢাকাঃ সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে হামলার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বাংলাদেশ থেকে রিয়াদগামী ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েছে। গত তিন দিনে মোট ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে সোমবার(১২ অক্টোবর) বাতিল হয়েছে দুটি ফ্লাইট।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত মোট ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি, সৌদিয়া এয়ারলাইন্সের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট রয়েছে।বাতিল হওয়া এসব ফ্লাইটের মোট যাত্রীসংখ্যা ছিল ৩ হাজার ১২ জন।
এর আগে, রোববার হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। সর্বশেষ রোববার রাতে চালানো হামলায় অন্তত একজন পাকিস্তানি নাগরিক নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত পাঁচবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত বৃহস্পতিবারের হামলায় এক পাইলটসহ সৌদি আরবের তিন নাগরিক নিহত হন। ওই দিন বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজও হামলার লক্ষ্যবস্তু হয়। ওই ঘটনায় পাইলটের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে। এ সংঘাতের মধ্যে রিয়াদ বিমানবন্দর হুথিদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।এর আগে হুথিরা সতর্ক করে বলেছিল, কোনো বিমান সংস্থা সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে উড়োজাহাজ পরিচালনা করলে তাকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এর মধ্যেই শনিবার রিয়াদ বিমানবন্দরে বড় ধরনের হামলার ঘটনা ঘটে।ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের ভ্রমণসূচিতে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩, ৩০ রবউসি সানি ১৪৪৮