প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম (ভিজিট : )
সংগৃহীত ছবি।
আবদুল মোতালেব,তাজাখবর২৪.কম, নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) নোবিপ্রবিতে সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন আত্মহত্যা প্রতিরোধে শুধু ব্যক্তিগত সচেতনতা নয়, সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নোবিপ্রবির বিভিন্ন ক্লাব ও সংগঠনকে আত্মহত্যা প্রতিরোধ, মানসিক স্বাস্থ্য এবং সচেতনতা বৃদ্ধিতে নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য আহ্বান জানাই। একই সঙ্গে আমাদের বন্ধু-বান্ধব, পরিবারের সদস্য কিংবা সহকর্মীদের মধ্যে কেউ হতাশা বা বিষন্নতার মধ্য দিয়ে যাচ্ছেন কি না সেদিকে আমাদের মনোযোগী হওয়া প্রয়োজন।
এ সময় নারী শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সিলিংয়ের প্রয়োজনীয়তার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।র্যালিতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, নোবিপ্রবি প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, চীফ মেডিকেল অফিসার (প্রশাসনিক) ড. মোহাম্মদ সেলিম হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্টসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
র্যালি আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে নোবিপ্রবি শহিদ মুগ্ধ মেডিকেল সেন্টার, ব্লাড ব্রিগেড ও স্পন্দন মেন্টাল হেলথ সাপোর্ট নেটওয়ার্ক।উল্লেখ্য, প্রতিবছর ১০ সেপ্টেম্বর ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘আত্মহত্যা সম্পর্কে প্রচলিত ধারণা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ এবং এর সঙ্গে যুক্ত স্লোগান হলো ‘আত্মহত্যা নিয়ে নীরবতা ভেঙে কথা বলা শুরু করুন’।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩, ২৭ রবিউল আউয়াল ১৪৪৮