প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৭ পিএম (ভিজিট : )
গোবিন্দগঞ্জে বাসদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
তাজুল ইসলাম প্রধান,তাজাখবর২৪.কম, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর সদস্য পরিচিতি ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায় গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।বাসদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমরেড রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড কালামানিক দেব এর পরিচালনায় পরিচিতি ও কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মহিনউদ্দিন চৌধুরী লিটন ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মহিনউদ্দিন চৌধুরী লিটন গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের জনমানুষের স্বার্থসংশ্লিষ্ট! বিভিন্ন দাবি তুলে ধরেন। তিনি বলেন অবিলম্বে বন্ধ ঘোষিত রংপুর চিনিকল (সুগার মিল) পুনরায় চালু এবং প্রস্তাবিত ইপিজেড দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে সাধারণ মানুষের নাভিশ্বাস দূর করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং কৃষিখাতে সার ও কীটনাশকের সংকট নিরসনের দাবি জানানো হয়। বিশেষ করে আলু চাষিদের স্বার্থরক্ষা এবং উত্তরাঞ্চলে বিদ্যমান ভয়াবহ বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি’র) গাইবান্ধা জেলা নেতা আলী আজগর, বাসদ নেতা মনিরুজ্জামান মনির, বিপুলেন্দু সরকার, ওয়ারেছ ও পার্থ কুমার প্রমূখ। বক্তারা বলেন, "দুনিয়ার মজদুর এক হও" স্লোগানকে ধারণ করে শোষিত মানুষের অধিকার আদায়ে বাসদ লড়াই চালিয়ে যাচ্ছে। সদস্য পরিচিতি ও এই কর্মী সমাবেশের মাধ্যমে গোবিন্দগঞ্জে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসদ সদস্য ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩, ২৫ রবিউল আউয়াল ১৪৪৮