প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৮ এএম (ভিজিট : )
ভাড়া বাসা থেকে উদ্ধার সেই নবজাতক-স্বামী-স্ত্রীর মরদেহের পরিচয় মিলেছে
তাজাখবর২৪.কম,ঢাকা: ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। নিহত স্বামী আলমগীরের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ পাওয়ায় ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।শনিবার( ৫ সেপ্টেম্বর) মধ্যরাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা ভাড়া বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
নিহতরা হলেন, আলমগীর ও তার স্ত্রী নাজমা (৩৩)। তারা দুজনই দিনাজপুরের নবাবগঞ্জ থানার বড় মাগুরা গ্রামের বাসিন্দা। নাজমা আশুলিয়ার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। আর আলমগীর পেশায় পান বিক্রেতা ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী কিছুদিন আগে ওই বাসায় নতুন ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তাদের কক্ষের দরজা-জানালা সাধারণত বন্ধ থাকত বেশিরভাগ সময়। শুক্রবার রাতে কক্ষের ভেতর থেকে পচা দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা আশুলিয়া থানা পুলিশকে খবর দেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটির তালা খুলে স্বামী-স্ত্রী ও সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক এর মরদেহ উদ্ধার করে। এ সময় আলমগীরের গলায় গামছা পেঁচানো অবস্থায় থাকায় বিষয়টি সন্দেহজনক মনে করছে পুলিশ।
ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এছাড়া ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্য, পিবিআই ও আশুলিয়া থানা পুলিশের কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। নির্মম এই ঘটনার নেপথ্যে হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।