প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:২৪ পিএম (ভিজিট : )
ট্রুথ সোশ্যালে ১ লাখ ডলারে বিশেষ সুবিধা বিক্রি, মামলার মুখে ট্রাম্প
তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বিশেষ সেবা চালু করে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি।বিশেষ এই সেবায় প্রতি মাসে সর্বোচ্চ ১ লাখ ডলার ফির বিনিময়ে বিশ্বের অর্থনীতি, শুল্কনীতি ও রাজনৈতিক আগাম বার্তা পাওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে এই সেবার বিরুদ্ধে নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে মামলা করেছে যুক্তরাষ্ট্রের দুটি সংবাদ ও অধিকারবিষয়ক সংস্থা ‘দ্য ইন্টারসেপ্ট’ ও ‘ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন’। খবর বিবিসির।মামলায় উল্লেখ করা হয়েছে, প্রেসিডেন্টের সরকারি ও নীতিগত ঘোষণা অর্থের বিনিময়ে আগাম বিক্রি করার সিদ্ধান্ত সম্পূর্ণ অসাংবিধানিক ও দুর্নীতিগ্রস্ত। ট্রুথ সোশ্যালের নতুন সেবাটির নাম দেয়া হয়েছে ‘ট্রুথ এপিআই’। ১ আগস্ট চালু হওয়া এ সেবার মাধ্যমে বড় ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা সাধারণ জনগণের চেয়ে কয়েক সেকেন্ড আগেই ট্রাম্পের ঘোষণা জানতে পারছেন। এ সামান্য সময় শেয়ারবাজার ও ব্যবসা-বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে। এতে ধনী বিনিয়োগকারীরা বাড়তি সুবিধা পাচ্ছেন, যা বাজারের সাধারণ ভারসাম্য ও সততা নষ্ট করছে।
মামলার বাদীরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়ই ট্রুথ সোশ্যালে মধ্যপ্রাচ্য যুদ্ধ, আন্তর্জাতিক শুল্ক নীতি বা বড় সিদ্ধান্তগুলোর প্রথম ঘোষণা দিয়ে থাকেন। যে খবরগুলো মুহূর্তের মধ্যে শেয়ার ও পুঁজিবাজারে তোলপাড় সৃষ্টি করে। এ ধরনের সরকারি তথ্য আগাম বিক্রি করে সুবিধা দেয়ার সুযোগ ট্রাম্প ও তার মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যবসায়িক স্বার্থ নিশ্চিত করছে। উল্লেখ্য, ট্রাম্প সোশ্যাল মিডিয়াটির মূল প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের (টিএমটিজি) মূল শেয়ারহোল্ডার।
ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা শেঠ স্টার্ন বলেন, ‘একজন প্রেসিডেন্ট নিজের বার্তা অর্থের বিনিময়ে বিক্রি করছেন, যা নজিরবিহীন বড় দুর্নীতি।’ অন্যদিকে দি ইন্টারসেপ্টের আইনবিষয়ক কর্মকর্তা ডেভিড ব্র্যালো বলেন, ‘রাষ্ট্রপ্রধান সরকারি বিজ্ঞপ্তির আগাম তথ্য বিক্রি করছেন, যা স্বাধীন সাংবাদিকতার মূলনীতির পরিপন্থী।’তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ট্রাম্প মিডিয়া। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি দাবি করে, কিছু বামপন্থী কর্মী রাজনৈতিক উদ্দেশ্যে এ মামলা করেছে। তারা প্রেসিডেন্ট ট্রাম্প ও বিনিয়োগকারীদের ক্ষতি করার চেষ্টা করছে। কোম্পানিটি দাবি, অনেক সামাজিক মাধ্যমই এমন বাণিজ্যিক সেবা দেয়। তবে বিষয়টি নিয়ে হোয়াইট হাউজ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
তাজাখবর২৪.কম,ঢাকা: রোববার, ১৬ আগস্ট ২০২৬, ০১ ভাদ্র ১৪৩৩, ০২ রবিউল আউয়াল ১৪৪৮