প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:০৫ পিএম (ভিজিট : )
বাংলা একাডেমিতে জিয়াউর রহমান ও কবি নজরুলের কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
তাজাখবর২৪.কম,ঢাকা: ১১ আগস্ট মঙ্গলবার উৎসবমুখর ও জ্ঞানগর্ভ পরিবেশের মধ্য দিয়ে বাংলা একাডেমির ‘কবি আল মাহমুদ লেখক কর্ণার’-এ অনুষ্ঠিত হলো বিশেষ সাহিত্য আলোচনা সভা। চলতি নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে ‘World Wide Writers Association’-এর উদ্যোগে আজ মঙ্গলবার বিকেল ৩:০০ ঘটিকায় এই সভার আয়োজন করা হয়।
এবারের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল- "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কর্মময় জীবন"।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উভয়েই নিজ নিজ ক্ষেত্রে বাঙালি জাতির আত্মপরিচয় ও জাতীয়তাবাদ গঠনে অনন্য ভূমিকা পালন করে গেছেন।এর আগে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন একুশে পদক প্রাপ্ত ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমেদ।এতে প্রধান আলোচক হিসেবে অত্যন্ত তথ্যবহুল বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোঃ জামাল উদ্দিন রুনু।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেপজা-র সাবেক নির্বাহী পরিচালক শেখ তোফাজ্জল হোসেন সমঝদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কবি মিয়া ইব্রাহিম। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপ পরিচালক ড. সাহেদ মন্তাজ, বাংলাদেশ লেখক পরিষদের সভাপতি সৈয়দ মাজহারুল পারভেজ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার গীতিকবি অমর চাঁদ মন্ডল।কবিতা পাঠ, আবৃত্তি ও গান পরিবেশ করেন ছড়াকার আনতানূর হক, আসমা নার্গিস, মফিজুর রহমান, মাহফুজ উল হক, খাইরুল আলম, সংগীত শিল্পী শাহী গুরু, সালেম সুলেরী সহ অন্যান্যরা।আলোচকবৃন্দ বাঙালি জাতীয়তাবাদ, সাহিত্য, সংস্কৃতি এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে মহান এই দুই ব্যক্তিত্বের কালজয়ী অবদান, কর্মময় জীবন ও আদর্শের ওপর গুরুত্বপূর্ণ আলোকপাত করেন।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক, বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। তিনি বিশ্বব্যাপী বাংলা সাহিত্য ছড়িয়ে দিতে আয়োজক সংগঠনের প্রশংসা করেন এবং তরুণ প্রজন্মকে নজরুল ও জিয়াউর রহমানের কর্মময় জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে অত্যন্ত চমৎকার ও সাবলীল উপায়ে উপস্থাপনা করেন কবি মুহাম্মদ শামসুল হক বাবু এবং বাচিকশিল্পী জেবুন্নেছা মুনিয়া। অনুষ্ঠানে দেশের বরেণ্য কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং বিপুল সংখ্যক সাহিত্যপ্রেমী উপস্থিত ছিলেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩, ২৮ সফর ১৪৪৭