ঈদগাঁওয়ের চাঞ্চল্যকর সেলিম বাবু হত্যা মামলার তিন আসামির জামিন নামঞ্জুর
মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার চাঞ্চল্যকর সেলিম বাবু হত্যা মামলার অন্যতম তিন আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।বুধবার (২৩ জুলাই) তিন আসামি পূর্বে হাইকোর্ট কর্তৃক নেওয়া অন্তর্বর্তীকালীন জামিনের সময়সীমা শেষ হওয়ার পর আদালতে উপস্থিত হয়ে পুনরায় জামিন আবেদন করলে কক্সবাজার জজ আদালত-২ জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
আসামিরা হচ্ছেন চাঞ্চল্যকর উক্ত হত্যা মামলার ১ নম্বর আসামি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড উত্তর নাপিতখালীর মোহাম্মদ কালুর ছেলে ইউপি সদস্য নুর মোহাম্মদ (৫৭), ইসহাক মিয়ার ছেলে ৩ নম্বর আসামি মোবারক (৩৫) ও তার ভাই রমিজ আহমদ (৩৮)। ইতিপূর্বে মামলার ২ নম্বর আসামি, প্রধান আসামির ছেলে আতাউল্লাহ (৩১), আটক হয়েছেন।নিহতের মামা লিটন উক্ত তথ্য নিশ্চিত করেছেন।এ বিষয়ে জানতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সনক কান্তির মোবাইল নম্বরে বারবার কল দিলেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
প্রসঙ্গত, মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৬ এপ্রিল (বুধবার) গভীর রাতে ইসলামপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ড মধ্যম নাপিতখালী এলাকার সোলাইমান ড্রাইভারের ছেলে ফয়সাল মোহাম্মদ সেলিম চৌধুরী (৩২), প্রকাশ সেলিম বাবুকে মাছ চুরির অভিযোগে ঘর থেকে তুলে নিয়ে অমানবিক কায়দায় রাতভর নির্যাতন করে ঘের মালিকপক্ষ। পরে দীর্ঘ ১১ দিন বাঁচার লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৮ এপ্রিল মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের মা দিলদার বেগম বাদী হয়ে ঈদগাঁও থানায় ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর মোহাম্মদকে প্রধান আসামি করে কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩, ৮ সফর ১৪৪৭