উজ্জল হোসেন,তাজাখবর২৪.কম,পাংশা: রাজবাড়ীর পাংশা উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।সোমবার (২০ জুলাই) বিকেল ৩টায় পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ‘বিশেষ এলাকায় উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায়’ ২০২৫-২৬ অর্থবছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সদস্যদের মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তির অর্থ, বিদ্যালয়গামী ছাত্রীদের জন্য বাইসাইকেল এবং গাছের চারা বিতরণ করেন।
একই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে স্কুল বেঞ্চ, স্যানিটারি ন্যাপকিন, সাউন্ড সিস্টেম, হারমোনিয়াম, খেলাধুলার সামগ্রী এবং অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক শংকর চন্দ্র বৈদ্য, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জেল হোসেন এবং উপজেলা প্রকৌশলী প্রণব কান্তি বল।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, সরকারের লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করা এবং শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে একটি দক্ষ ও সমৃদ্ধ প্রজন্ম গড়ে তোলা। এ ধরনের সহায়তা কর্মসূচি সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক উপকারভোগীদের হাতে বিভিন্ন সহায়তা সামগ্রী তুলে দেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩, ৭ সফর ১৪৪৭
পাংশায় জেলা প্রশাসকের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা বিতরণ