প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১২:৪১ পিএম (ভিজিট : )
ছবি: সংগৃহীত
তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার পর মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর কূটনৈতিক তৎপরতা বড় ধরনের গতি পেয়েছে। সব অনিশ্চয়তা ও জটিলতা কাটিয়ে একটি টেকসই আঞ্চলিক চুক্তি নিয়ে মুখোমুখি আলোচনায় বসতে সুইজারল্যান্ডে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে এক প্রতিবেদনে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।কূটনৈতিক সংশ্লিষ্টরা মনে করছেন, লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধবিরতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার অন্তর্বর্তী চুক্তিকে একটি স্থায়ী রূপ দেওয়ার প্রক্রিয়াকে অনেকটাই সহজ করেছে। এর আগে দুই দেশের মধ্যকার তীব্র উত্তেজনা বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ স্থিতিশীল করার আলোচনাকে গভীর অনিশ্চয়তার মুখে ফেলেছিল। মূলত শেষ মুহূর্তের এই সমঝোতা সেই ধোঁয়াশা কাটাতে বড় ভূমিকা রাখছে।
লেবাননে ইসরায়েল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে তুমুল লড়াইয়ের জেরে বৃহস্পতিবার(১৮ জুন) সুইজারল্যান্ড সফর বাতিল করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর ফলে দুই দেশের বৈঠক নিয়ে একধরনের স্থবিরতা তৈরি হয়েছিল। তবে এখন সেখানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ আলোচনার টেবিলে অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আগে থেকেই সেখানে অবস্থান করছেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার(২০ জুন) সুইজারল্যান্ড পৌঁছবেন বলে জানা গেছে।
বিশ্লেষকদের ধারণা, দুই পক্ষের শীর্ষ কর্মকর্তাদের এই সফর একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিতে টেকসই ও প্রযুক্তিগত আলোচনা শুরুর বড় ইঙ্গিত। তবে বিশেষ দূত উইটকফের এই সফরের বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।এদিকে একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, লেবানন সময় বিকেল চারটায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা ইরানের সহায়তায় এই চুক্তিটি চূড়ান্ত করতে সক্ষম হয়েছেন। হিজবুল্লাহর দুটি সূত্র এবং ইসরায়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়টার্সের কাছে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইসরায়েলি কর্মকর্তা বলেন, হিজবুল্লাহ যদি আমাদের ওপর হামলা না চালায়, তবে আমাদের পক্ষ থেকেও কোনো যুদ্ধ হবে না। তবে ইসরায়েল তাদের উত্তর সীমান্ত সংলগ্ন দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকাগুলো থেকে এখনই সেনা প্রত্যাহার করবে না বলেও সাফ জানিয়ে দেন তিনিলেবাননের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রথম ঘণ্টায় ইসরায়েল অন্তত এক ডজন বিমান হামলা চালালেও বিকেল পাঁচটার পর পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়ে আসে।লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের ঠিক আগে চালানো ইসরায়েলি হামলায় ৪৭ জন নিহত ও ৯৭ জন আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননে সর্বশেষ এক অভিযানে তাদের চার সেনাও নিহত হয়েছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩, ৪ মহারম, ১৪৪৭