তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচকে ঘিরে ভক্তদের আগ্রহের মধ্যেই আলোচনায় এসেছে হাঙর ‘রিতিনিয়া’। ব্রাজিলের রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামের এই হাঙরটি এবার ব্রাজিল-হাইতি ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে।বৃহস্পতিবার (১৮ জুন) অ্যাকুয়ারিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রিতিনিয়ার সামনে ব্রাজিল ও হাইতির প্রতীকসংবলিত দুটি বিকল্প রাখা হয়। সেখান থেকে হাঙরটি ব্রাজিলের প্রতীক বেছে নেয়, যা সেলেসাওদের জয়ের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
তবে বিশ্বকাপ শুরুর আগে রিতিনিয়া আলোচনায় এলেও তার প্রথম ভবিষ্যদ্বাণী সফল হয়নি। ব্রাজিলের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে সেলেসাওদের জয়ের পূর্বাভাস দিয়েছিল সে। কিন্তু ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় সেই অনুমান ভুল প্রমাণিত হয়।বিশ্বকাপে ব্রাজিল নিজেদের অভিযান শুরু করেছে মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে। অন্যদিকে তুলনামূলক দুর্বল দল হাইতি প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে। ফলে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
ফুটবল টুর্নামেন্টে প্রাণীদের মাধ্যমে ম্যাচের ফলাফল অনুমান করার ঘটনা নতুন নয়। ২০১০ বিশ্বকাপে অক্টোপাস ‘পল’ একাধিক ম্যাচের ফল সঠিকভাবে অনুমান করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিল। সেই স্মৃতি ফিরিয়ে আনতেই এবার রিও ডি জেনেইরোর অ্যাকুয়ারিয়ামে হাঙর রিতিনিয়াকে নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ এই ভবিষ্যদ্বাণী পর্ব।এখন দেখার বিষয়, হাঙর রিতিনিয়ার সর্বশেষ ভবিষ্যদ্বাণী মাঠের লড়াইয়ে কতটা সত্যি প্রমাণিত হয়। ব্রাজিল ও হাইতির মধ্যকার ম্যাচের ফলই দেবে সেই উত্তর।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩, ৩ মহারম, ১৪৪৭