বেগমগঞ্জে চাঁদার দাবিতে ভাঙ্গারী ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা, থানায় মামলা করায় এলাকা ছাড়ার নির্দেশ
এম জি বাবর,তাজাখবর২৪.কম, (নোয়াখালী): নোয়াখালীর বেগমগঞ্জে নুরের রহমান (৩৬) নামে এক ভাঙ্গারী ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা করায় স্ব-পরিবার সহ এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ায় গুরুতর অভিযোগ পাওয়া গেছে।অভিযোগে জানা যায়, গত রবিবার উপজেলার সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল এন্ড কলেজের পুরাতন টিনের ঘর নিলামের সর্বোচ্চ মূল্য ৭২ হাজার টাকায় নুর রহমান পায়। এতে করে ক্ষিপ্ত হয়ে স্থানীয় সন্ত্রাসী বাহিনীর প্রধান রুবেল (৩৫) তার দলবল নিয়ে ঐদিন দুপুরে নুরের রহমানের আলাইয়ারপুর গ্রামের আবিদ বেপারী বাড়ীতে স্বয়ংক্রিয় ও ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
একপর্যায়ে সন্ত্রাসী রুবেল তার কাছে থাকা পিস্তুলের বাট দিয়ে নুরের রহমানের মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়। এরপর তার সঙ্গীয় ফারুক (৩০), শহিদ (৪৪), সোহাগ (৩৫) লোহার রড ও হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে ভুক্তভোগীর পরিবার তাকে জরুরী ভাবে বেগমগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।এ ঘটনার ব্যপারে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা করলে ঘটনাস্থল পরিদর্শন করে। মামলা করার পর থেকে সন্ত্রাসী রুবেল তার দলবল মামলা প্রত্যাহার না করলে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। এতে ভুক্তভোগী পরিবারটি দারুন নিরাপত্তাহীনতায় দিনাতিপাত কাটছে।বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামছুজ্জামান বলেন, আসামীদের গ্রেপ্তার করার অভিযান চলছে।
উল্লেখ্য, বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের মোশাকপুর, আলাইয়ারপুর, বাহাদুরপুর, নেয়াজপুর, হরিবল্লভপুর, সুলতানপুর সহ কয়েকটি এলাকায় রুবেল ও সালাম বাহিনীর সদস্যদের চাঁদাবাজি, জোরপুর্বক জমির মাটি কাটা, জবর দখল, চুরি, ডাকাতি, মহিলাদেরকে জোরপুর্বক ধরে নিয়ে নির্যাতন এবং প্রকাশ্যে নানাধরনের অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে জনজীবন অতিষ্ট করে তুলছে। ফলে উক্ত গ্রাম গুলোতে মানুষ বসবাস করা কঠিন হয়ে পড়ছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩, ৩ মহারম, ১৪৪৭