প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১২:২৬ পিএম (ভিজিট : )
টেস্ট দল থেকে বাদ পড়ায় ক্রিকেট থেকে বিরতিতে গেলেন ক্রলি
তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড টেস্ট দল থেকে বাদ পড়ার পর প্রথম শ্রেণির ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ ওপেনার জ্যাক ক্রলি। কাউন্টি ক্লাব কেন্ট জানিয়েছে, আগামী দুইটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচে তিনি খেলবেন না। দীর্ঘ আলোচনার পর খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
চলতি মৌসুমে লাল বলের ক্রিকেটে ফর্মহীনতায় ভুগছেন ক্রলি। প্রথম ছয় ম্যাচে কোনো অর্ধশতক না পাওয়া এই ব্যাটারের ১২ ইনিংসে রান মাত্র ২২৬, গড় ২০.৫৪ এবং সর্বোচ্চ ৪৪। ধারাবাহিক ব্যর্থতার কারণে তিনি টেস্ট দলেও জায়গা হারান। যেখানে তার বদলে ওপেনিংয়ে সুযোগ পান ডারহামের এমিলিও গে।
কেন্ট জানিয়েছে, এই বিরতি ক্রলিকে মানসিক ও শারীরিকভাবে সতেজ হতে সাহায্য করবে। তবে তিনি এখন আপাতত সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দিচ্ছেন। গত মাসে সাসেক্সের বিপক্ষে ৪১ বলে ৭৫ রানের ইনিংস খেলেই টি–টোয়েন্টিতে নিজের ছন্দের ইঙ্গিত দেন তিনি।আগামী ২৬ জুন নটিংহ্যামশায়ারের বিপক্ষে টি–টোয়েন্টি ব্লাস্ট দিয়ে মাঠে ফিরবেন ক্রলি। এদিকে দ্য হান্ড্রেডে সানরাইজার্স লিডসের অধিনায়ক হওয়ার সম্ভাবনাও রয়েছে তার সামনে।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৫ জিলহ্বজ, ১৪৪৭