প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১২:৪৬ পিএম (ভিজিট : )
মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
তাজাখবর২৪.কম,শিক্ষাঙ্গন ডেস্ক: দেশকে দক্ষতাভিত্তিক অর্থনীতিতে রূপান্তর ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে রেকর্ড পরিমাণ বরাদ্দ রাখা হয়েছে। এবারের বাজেটে প্রধান অগ্রাধিকারভুক্ত খাতগুলোর মধ্যে শিক্ষাকে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে বিবেচনা করা হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব পেশ করেন। প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে সর্বমোট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে।বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য বরাদ্দ ছিল ৪১ হাজার ৭৫৩ কোটি ৯৫ লাখ ১২ হাজার টাকা। এবার তা উল্লেখযোগ্য হারে বাড়িয়ে ৫৭ হাজার ৩০১ কোটি ৬৮ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয় হিসেবে ৩২ হাজার ৮৬৭ কোটি ২৪ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয় হিসেবে ২৪ হাজার ৪৩৪ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করতে বাজেটে বিশেষ কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে। এর আওতায় মাধ্যমিক পর্যায়ে ২৫ হাজার নতুন মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, ১০০টি বিদ্যালয়ে ব্লেন্ডেড ল্যাব স্থাপন এবং ল্যাব সুপারভাইজর নিয়োগ করা হবে।এ ছাড়া, নতুন শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষার জন্য পূর্ণাঙ্গ কারিকুলাম, ৫টি ভাষা শিক্ষা প্রশিক্ষণ মডিউল ও রিসোর্স পুল তৈরি করা হবে। পাশাপাশি দেশজুড়ে ৫০০টি আধুনিক ভাষা ল্যাব স্থাপন করা হবে।
বাজেট প্রস্তাবনায় আরও বলা হয়, মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৪ হাজার নতুন ভবন নির্মাণ এবং অনগ্রসর এলাকায় ৫০০টি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হবে। একই সাথে শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে ১ হাজার ৪৮৫টি টয়লেট নির্মাণ ও ১ হাজার ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে।এ ছাড়া চলমান উন্নয়ন প্রকল্পের আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২১৮টি একাডেমিক ভবন, ২১টি প্রশাসনিক ভবন, ৩৮টি মাল্টিপারপাস ভবন এবং ৬০টি আবাসিক হল যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৫ জিলহ্বজ, ১৪৪৭