প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:২৬ পিএম (ভিজিট : )
মাহি
তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে দেশের মানুষের বিপুল ভালোবাসা ও সমর্থন পেয়েছেন সামিরা খান মাহি। প্রায় ৮ কোটি ভোটের সমর্থন পেয়েছেন তিনি।তবে শেষ পর্যন্ত সেরা ৩০-এ জায়গা হয়নি তার। সেমিফাইনালের প্রথম বাছাই থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশের এই প্রতিনিধিকে।অথচ গ্র্যান্ড ফিনালের ঠিক আগমুহূর্তেও দেশবাসীর ভালোবাসা নিয়ে আশাবাদী ছিলেন তিনি।
মাহি
ফাইনাল শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছিলেন মাহি। সেখানে নিজের দেশের মানুষের প্রতি গর্ব ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘৭৫তম মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফাইনাল আনুষ্ঠানিকভাবে এখানে এসে পৌঁছেছে! অসংখ্য গর্ব এবং কৃতজ্ঞতা নিয়ে, আমি আমার জাতির আশা এবং ভালোবাসা নিয়ে চলছি। বাংলাদেশ, এই মুহূর্তটি আমাদের!’মাহির এই বার্তায় ছিল দেশের মানুষের ভালোবাসা সঙ্গে নিয়ে বিশ্বমঞ্চে এগিয়ে যাওয়ার প্রত্যয়। এর আগে প্রায় ৮ কোটি ভোটের সমর্থন পাওয়ার কথা জানিয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তিনি। তার কাছে এই সমর্থন কেবল ভোটের সংখ্যা ছিল না, বরং দেশের মানুষের ভালোবাসা, বিশ্বাস ও আবেগের প্রতিফলন।
মাহি
তবে শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি। মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর সান হুয়ানে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। বিশ্বের ১১৬ প্রতিযোগীর মধ্য থেকে প্রথম ধাপে সেরা ৩০ জনের নাম ঘোষণা করা হয়। সেই তালিকায় মাহির নাম না থাকায় প্রতিযোগিতা থেকে ছিটকে যান তিনি।এবারের আসরে জাতীয় পোশাক প্রদর্শনীতেও বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরে প্রশংসা পেয়েছিলেন মাহি। লাল-সাদা খাদির শাড়ি ও ‘মাতৃত্ব: ভালোবাসার সর্বজনীন বন্ধন’ ভাবনার পোশাকে মঞ্চে হাজির হয়েছিলেন তিনি। পোশাকের মাধ্যমে মা ও সন্তানের সম্পর্কের পাশাপাশি মাতৃভূমির প্রতি ভালোবাসার বার্তা তুলে ধরেছিলেন বাংলাদেশের এই প্রতিনিধি।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নেয় বাংলাদেশ। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো দেশকে সেরা ৩০-এ জায়গা করে দেওয়ার সাফল্য এনে দেন। এবার সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ছিল সামিরা খান মাহিকে ঘিরে। তবে বিপুল সমর্থন ও প্রত্যাশা নিয়েও শেষ পর্যন্ত সেরা ৩০-এর লড়াইয়ে টিকে থাকতে পারেননি তিনি।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩, ১4 জুমাদাস সানি ১৪৪৮