কপ সম্মেলন: বাংলাদেশের জলবায়ু কূটনীতিতে নতুন মাত্রা যোগ করলেন ডা. জুবাইদা
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:০৮ এএম  (ভিজিট : )
ডা. জুবাইদা রহমান। ছবি: ভিডিও থেকে নেয়া

ডা. জুবাইদা রহমান। ছবি: ভিডিও থেকে নেয়া

তাজাখবর২৪.কম,ঢাকা: বিশ্ব জলবায়ু সম্মেলনের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। দেশের পরিবেশ সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে তার বক্তব্য গুরুত্ব পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু কূটনীতিতে ডা. জুবাইদা রহমানের এ উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ন্যায্য দাবি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।তুরস্কের আন্তালিয়ায় চলছে জাতিসংঘ আয়োজিত জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১। গত ১০ নভেম্বর তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গী ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ ২১ সদস্যের একটি প্রতিনিধি দল। সম্মেলনে অংশগ্রহণ শেষে ১৩ নভেম্বর দেশে ফেরেন প্রধানমন্ত্রী।সফরকালে কপ-৩১ সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। এসব বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।

জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোর পক্ষে সোচ্চার অবস্থান নেয়ার পাশাপাশি জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশের জলবায়ু কূটনীতির ক্ষেত্রে এবারের সম্মেলনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীর পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণও বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে।সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছানোর পর ১০ নভেম্বর তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী। এ সাক্ষাতে দুদেশের মধ্যে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সহযোগিতা ও অংশীদারত্বের বিষয়েও আলোচনা হয়। বৈঠকে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত নারীদের স্বাস্থ্য সুরক্ষা, জলবায়ু সহনশীলতা এবং পরিবেশবান্ধব উন্নয়ন উদ্যোগের বিষয়গুলো তুলে ধরেন ডা. জুবাইদা।পরদিন সম্মেলনের উচ্চপর্যায়ের বৈঠক গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সেও বক্তব্য দেন তিনি। সেখানে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং বর্জ্যকে সম্পদে রূপান্তরের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। একক দেশের প্রচেষ্টায় শূন্য বর্জ্যের লক্ষ্য অর্জন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

তবে সম্মেলনে উত্থাপিত বিষয়গুলো বাস্তবে রূপ দেয়াই হবে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গবেষক ও পরিবেশবিদ শাইয়ান সাদিক ইশাত বলেন, ‘জলবায়ু সম্মেলনের পরবর্তী প্রভাব ও ফলাফল নিয়ে যেখানে আলোচনা করা হবে, সেখানে একটি ধারাবাহিক তদারকি প্রয়োজন। এই ধারাবাহিক তদারকি আপনাকে সারা বছর জুড়ে ধরে রাখতে হবে। পাশাপাশি আপনাকে চিন্তা করতে হবে যে পরবর্তী সম্মেলন পর্যন্ত আপনি কোন কোন খাতে অভিযোজন অর্থায়ন ও প্রশমন অর্থায়ন অর্জন করতে পারলেন এবং জলবায়ু তহবিলের কতগুলো প্রকল্প বাস্তবায়ন করতে পারলেন।’তিনি আরও বলেন, আলোচনাগুলোকে ফলপ্রসূ করতে সঠিকভাবে একটি পরবর্তী পর্যবেক্ষণ ও মূল্যায়ন করার প্রয়োজন। পাশাপাশি জলবায়ু প্রতিবেদনের ধারণাটিকে আরও জনপ্রিয় করতে হবে—যা আমাদের পরিকল্পনাগুলোকে সমন্বিত করবে।  জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফলপ্রসূ কিছু পদক্ষেপ প্রয়োগ করতে পারলে ভালো সুফল  পাওয়া যাবে বলেও মনে করেন তিনি। জলবায়ু বিশ্লেষকদের মতে, নারীস্বাস্থ্য, নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনায় তুরস্কের সঙ্গে সহযোগিতা ও অংশীদারত্বের উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের মানুষই উপকৃত হবে। একই সঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগও তৈরি হতে পারে বলে মনে করেন তারা। 

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩, ০৩ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝