প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:২০ পিএম (ভিজিট : )
কেন্দুয়ায় মাটিকাটার বিরোধে ধাক্কাধাক্কি, এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ
রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়ায় বিরোধপূর্ণ জমিতে মাটিকাটা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনায় ইসলাম উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে তার পরিবার দাবী করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত ইসলাম উদ্দিন উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামের মৃত লরু শেখের ছেলে।মৃতের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিক মামলা চলমান রয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিরোধপূর্ন জমি থেকে প্রতিপক্ষ মাটি আনতে গেলে ইসলাম উদ্দিন ও প্রতিপক্ষের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হলে একপর্যায়ে ইসলাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েন।
পরে পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে বাড়িতে সেবাশুশ্রূষা করার পর অবস্থার অবনতি ঘটলে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ইসলাম উদ্দিনের স্ত্রী দিলুয়ারা বেগম ও ছেলে হোসেন মিয়ার অভিযোগ, বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষের মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী আজিজুল, মাজু মিয়াসহ কয়েকজনের সঙ্গে ইসলাম উদ্দিনের ধাক্কাধাক্কি হয়। তাদের দাবি, ওই ঘটনার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার দাবি করেছেন।
এবিষয়ে প্রতিপক্ষ আজিজুলের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও কল কেটে দেওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের সঙ্গে ধাক্কাধাক্কির পর ইসলাম উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছিল।মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩, ০৪ রবউিস সানি ১৪৪৮