তাজাখবর২৪.কম,ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জিয়া উদ্যানে জড়ো হতে থাকেন।ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে জিয়া উদ্যান ও এর আশপাশের এলাকা। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন। অনেকের হাতে ছিল দলীয় ও জাতীয় পতাকা। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।দলীয় নেতাকর্মীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। এসব কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকেই নেতাকর্মীরা জিয়া উদ্যানে আসেন।প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে জিয়া উদ্যান এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৬টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৯টার পরে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলটির সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে উপস্থিত হয়ে সূরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন।১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। দেশের স্বাধীনতার জন্য বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে উজ্জীবিত করেছিলেন। ছাত্র, শিক্ষক, কৃষক ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে তিনি প্রেরণা জুগিয়েছিলেন।
দেশের এক ভয়াবহ ক্রান্তিকালে ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেন। তার আগে দেশে যে অনাচার, অবিচার, গণতন্ত্র হরণ, হত্যা এবং মানুষের কথা বলা ও চলাচলের স্বাধীনতা লঙ্ঘিত হয়েছিল, ক্ষমতায় এসে তিনি সেগুলো পুনঃপ্রতিষ্ঠা করেন।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরক্ষা ও গণতন্ত্র এই তিনটি প্রত্যয় সামনে রেখে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। এ চেতনাকে ধারণ করে তিনি দেশকে উন্নয়ন ও উৎপাদনের পথে এগিয়ে নিয়ে যান।
তাজাখবর২৪.কম,ঢাকা:মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩, ১৮ রবিউল আউয়াল ১৪৪৮