নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার
মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার: কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।গতকাল রোববার রাত সোয়া ৯টার দিকে সীমান্ত পিলার-৩১ সংলগ্ন কাঁকড়া ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।সোমবার (১৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
বিজিবি সূত্র বলছে , কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীন ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কাঁকড়া ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মাদকদ্রব্য ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সক্রিয় রয়েছে। সীমান্তে মাদক চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবাগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩, ০৩ রবিউল আউয়াল ১৪৪৮