রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়ায় চুরির অভিযোগে উত্তেজিত জনতার গণপিটুনিতে ইমন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (১৮ জুলাই) উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের গামরুলি পুরানবাড়ি (দক্ষিণপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন ওই এলাকার মো. নূরুল ইসলামের ছেলে।স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওই এলাকার জনৈক লিটন ডাক্তারের বাড়িতে সিঁধ কেটে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল চুরি হয়। এ ঘটনায় স্থানীয়ভাবে চুরির সঙ্গে জড়িত সন্দেহে ইমনকে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি বাজার এলাকা থেকে ধরে গণপিটুনি দিয়ে এলাকায় আনা হয়। পরে তাকে আবারও গণপিটুনি দেওয়া হলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং এক পর্যায়ে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
তারা আরও জানান, নিহত ইমন পূর্ব থেকে চিহ্নিত চোর হিসেবে পরিচিত ছিলেন। চোর হিসেবে ইমনকে মারধরের খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।এ বিষয়ে রোববার কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম মুঠোফোনে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত ইমন মিয়ার নামে সিলেটে একটি চুরি মামলা রয়েছে। নিহতের লোকজন থানায় এসেছে। এব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩, ০৩ সফর ১৪৪৭