প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:৫০ পিএম (ভিজিট : )
তৃতীয় বিয়ে করে খুনের হুমকি পেলেন আমির খান
তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: তৃতীয় বিয়ে নিয়ে বিতর্ক থামার আগেই নতুন বিপাকে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়ের মধ্যেই এবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে এলো প্রাণনাশের হুমকি। নেটদুনিয়ায় পোস্ট ও ভয়েস নোট ঘিরে ইতোমধ্যেই নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ।
জানা গেছে, 'আরজু বিষ্ণোই' ও 'টাইসন বিষ্ণোই' নামে কয়েকটি অ্যাকাউন্ট থেকে আমির খানকে হুমকির পোস্ট করা হয়েছে। ওই সব পোস্টে হুমকিদাতারা নিজেদের লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সহযোগী বলে দাবি করেছেন। আমির খানের একাধিক আন্তঃধর্মীয় বিয়ের প্রসঙ্গ তুলে তাকে লাভ জিহাদকে উৎসাহ দেয়ার অভিযোগে কঠোর পরিণতির হুঁশিয়ারি দেয় হুমকিদাতারা।শুধু আমির নন, পোস্টে বলা হয়েছে- যারা এ ধরনের সম্পর্ক বা বিয়েকে সমর্থন করবেন, তাদের বিরুদ্ধেও নিজেদের মতো ব্যবস্থা নেবেন হুমকিকারীরা। এমনকি তারকাখ্যাতির আড়ালে এসবের সমর্থকদেরও ছাড় দেয়া হবে না বলেও দাবি করা হয়।
চলতি মাসেই তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন আমির। গৌরীকে বিয়ে করেন। এরপর থেকেই তার বিয়ে নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে এসব সমালোচনার জবাবে আমির স্পষ্ট করে জানান, গৌরী হিন্দু নন, তিনি একজন খ্রিস্টান। তার আগের দুই স্ত্রী হিন্দু হলেও কাউকেই ধর্ম পরিবর্তনের কথা বলা হয়নি। আমির আরও জানান, লাভ জিহাদ নয়, ভালোবাসাকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন। আর এ কারণেই নিজের মেয়ে যখন ভালোবেসে হিন্দু পরিবারে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তাতে কোনো বাধা দেননি আমির। বরং ধুমধাম করে জমকালো আয়োজনে পছন্দের ছেলের সঙ্গেই বিয়ে দিয়েছেন।
এ প্রসঙ্গে আমির বলেন,
আমার পরিবারে ধর্মের চেয়ে ভালোবাসার মূল্যই বেশি।তবে আমিরের এই ব্যাখ্যায়ও থামেনি বিতর্ক। আর সেই বিতর্কের মধ্যেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে আসা এই হুমকি এখন বলিউডজুড়ে নতুন করে চাঞ্চল্যের জন্ম দিয়েছে। হুমকির দাবিগুলোর সত্যতা এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি, পুরো বিষয়টি তদন্ত করছে মুম্বাই পুলিশ।
তাজাখবর২৪.কম,ঢাকা:শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩, ০২ সফর ১৪৪৭