প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৭:৪৩ পিএম (ভিজিট : )
শ্রাবন্তী চ্যাটার্জি। ছবি: সংগৃহীত
তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সহকারী ম্যানেজার অর্ঘ্য ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় টালিপাড়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলে অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী।ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রোববার (১২ জুলাই) হাওড়ার ষষ্ঠীতলা এলাকা থেকে অভিযুক্ত অর্ঘ্যকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।ঘটনার পর ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে শ্রাবন্তী চ্যাটার্জি জানান, ২০২৪ সাল থেকে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মাধ্যমে অর্ঘ্য তার ইভেন্ট ও দৈনন্দিন কাজের সমন্বয়ের দায়িত্বে ছিলেন। তবে সম্প্রতি তিনি জানতে পারেন, অর্ঘ্য একটি গুরুতর অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত।
শ্রাবন্তী লেখেন, এই খবর আমাকে অত্যন্ত অস্বস্তিতে ফেলেছে। তার ব্যক্তিগত জীবন বা কর্মকাণ্ড সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। এ ঘটনার পর ভবিষ্যতে তার সঙ্গে আর কোনো ধরনের পেশাগত সম্পর্ক রাখতে চাই না। বিষয়টি আমি সংশ্লিষ্ট ম্যানেজমেন্ট সংস্থাকেও জানিয়েছি।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত অর্ঘ্য ও অভিযোগকারী নারী একই প্রতিষ্ঠানে কাজ করতেন। অভিযোগ অনুযায়ী, গত ১২ এপ্রিল একটি কাজের সূত্রে ওই নারী অর্ঘ্যর বাড়িতে গেলে তাকে ধর্ষণ করা হয়। পরে ১২ জুন ভুক্তভোগী হাওড়ার চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত শেষে গত ১২ জুলাই অর্ঘ্যকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে।পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।উল্লেখ্য, অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীন। আদালতে বিচার শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত আইনগতভাবে দোষী প্রমাণিত হননি।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০শে আষাঢ় ১৪৩৩, ২৮ মহারম, ১৪৪৭