তাজাখবর২৪.কম,ঢাকা: আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষার কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।শনিবার (২৭ জুন) রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষাকেন্দ্রগুলোর সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী এই নির্দেশনা দেন।শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষার কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। একই সঙ্গে নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
এ সময় ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে কেন্দ্রসচিবদের বিভিন্ন দিকনির্দেশনাও দেন তিনি।সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। এ ছাড়া বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সচিবরা অংশ নেন।রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, এবার বোর্ডের অধীনে আট জেলায় ২০৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন শিক্ষার্থী। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ই আষাঢ় ১৪৩৩, ১১ মহারম, ১৪৪৭