গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর বিলের পানিতে মিলল স্কুল ছাত্রীর মরদেহ
তাজুল ইসলাম প্রধান,তাজাখবর২৪.কম,গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজ হওয়ার প্রায় দুই দিন পর শাম্মী আক্তার নামে ১২ বছরের এক এক স্কুলছাত্রীর মরদেহ বাড়ির পাশ্ববর্তী বিলের পানি থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮ টার দিকে বাড়ির পাশ্ববর্তী বিলের পানি থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত শাম্মী আকতার উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় (নামা চরপাড়া) গ্রামের শহিদুর রহমানের মেয়ে। সে পুনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিলেন।
নিহত শাম্মীর পিতা শহিদুর রহমান জানান, তার মেয়ে গত রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে প্রতিবেশি ছেলে-মেয়েদের সাথে ছাগল চড়াতে বাড়ির অদূরে মাঠে যায়। কিন্তু দুপুর গড়িয়ে বিকাল হলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। রাত ৮টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে বাধ্য হয়ে ওই রাতে গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
প্রত্যক্ষদর্শিরা জানান, মঙ্গলবার সকালের দিকে বাড়ীর পাশ্ববর্তী বিলের পানিতে মানুষের মতো কি যেন একটা ভেসে ওঠা দেখে এক ব্যক্তি হৈচৈ শুরু করলে আশপাশের অসংখ্য মানুষ সেখানে এসে ভিড় করে। পরে পানি থেকে মরদেহটি তোলার পর সেটি শাম্মীর বলে শনাক্ত করে তার বাবা- মা।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, স্থানীয়দের খবরের প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে শাম্মীর মরদেহ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা করা হলেও মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮