তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: মৌসুমের শুরুতেই একের পর এক ধাক্কা খাচ্ছেন আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি। গালাতাসারাইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে বর্তমানে ক্লাবহীন এই ফুটবলার এবার পড়েছেন ট্রাফিক আইনের জালে। প্রতীকীভাবে ২০৯৯ সাল পর্যন্ত গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাকে।স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর বরাত দিয়ে গোলডটকম জানিয়েছে, ট্রাফিক আইন ভঙ্গের কারণে ইকার্দির ড্রাইভিং লাইসেন্স বাতিল করেছে বুয়েনস আয়ার্সের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনার সূত্রপাত ইকার্দির প্রেমিকা ইউজেনিয়া ‘লা চিনা’ সুয়ারেজের পোস্ট করা একটি ভিডিও থেকে। সেখানে দেখা যায়, চলন্ত গাড়িতে সিটবেল্ট না বেঁধে শরীরের অর্ধেকের বেশি অংশ জানালা দিয়ে বাইরে বের করে রেখেছেন সুয়ারেজ। আর গাড়িটি চালাচ্ছিলেন ইকার্দি। ভিডিওতে একাধিক ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়ও ধরা পড়ে। পরে জানা যায়, ইকার্দির ড্রাইভিং লাইসেন্সের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল।বুয়েনস আয়ার্স প্রদেশের আইন ১৩৯২৭ অনুযায়ী, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রতীকীভাবে ১ জানুয়ারি ২০৯৯ সাল পর্যন্ত ইকার্দিকে গাড়ি চালানো থেকে নিষিদ্ধ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, লাইসেন্স ফিরে পেতে ইকার্দিকে নতুন করে পরীক্ষা দিতে হবে। পাশাপাশি গাড়ি চালানোর জন্য তার শারীরিক ও মানসিক সক্ষমতাও মূল্যায়ন করা হবে।এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলেছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইকার্দিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন লাইসেন্স পাওয়ার আগে গাড়ি চালানোর জন্য তার শারীরিক ও মানসিক যোগ্যতা যাচাই করতে হবে। সড়ক নিরাপত্তার ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।মাঠের ফুটবলেও অবশ্য অনিশ্চয়তার মধ্যে রয়েছেন ইকার্দি। গালাতাসারাইয়ের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর কাতার, মেক্সিকো ও আর্জেন্টিনার কয়েকটি ক্লাবের সঙ্গে তার নাম জড়িয়েছে। তবে এখনো নতুন কোনো ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছাতে পারেননি ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার।সূত্র: গোলডটকম।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩, ১৪ রবউিস সানি ১৪৪৮