প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৬ এএম (ভিজিট : )
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ‘আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠনের উদ্যোগ ইসির
তাজাখবর২৪.কম,ঢাকা: আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ‘আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের আসন ৩, ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনে ২৯ অক্টোবর ভোটগ্রহণের দিন নির্ধারণ করে নির্বাচন কমিশন ১০ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করেছে।
চিঠিতে বলা হয়, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক আইনশৃঙ্খলা সমন্বয় কমিটি গঠন করা হবে। এই কমিটির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নির্বাচন ভবনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, বাহিনী ও গোয়েন্দা সংস্থাসমূহের প্রতিনিধিগণের সমন্বয়ে ‘আইনশৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠন করা হবে। এমতাবস্থায় অভিজ্ঞতাসম্পন্ন প্রতিনিধি (উপসচিব/মেজর/পুলিশ সুপার সমমর্যাদার নিম্নে নয়) মনোনয়ন করে জরুরি ভিত্তিতে নাম ও মোবাইল নম্বর সরবরাহের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।
চিঠিতে আরও বলা হয়,তাদের নিজ নিজ বাহিনীর সংগঠন, চেইন অব কমান্ড, মোতায়নের তথ্য ইত্যাদি বিষয়ে জ্ঞান সম্পন্ন, সদর দপ্তর থেকে মাঠপর্যায়ে মোতায়েনকৃত সব প্রতিনিধির সঙ্গে যোগাযোগ স্থাপন ও দক্ষতার সঙ্গে তথ্য আদান-প্রদানে সক্ষমতা এবং মিসইনফরমেশন/ডিসইনফরমেশন সংক্রান্ত প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন হতে হবে। সূত্র: বাসস
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩, ০৪ রবউিস সানি ১৪৪৮