প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৪:৪৯ পিএম (ভিজিট : )
জাতীয় ফুটবল দলের নতুন ম্যানেজার বাবু
তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের ম্যানেজার আমের খানের জায়গায় নতুন টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আমিরুল ইসলাম (বাবু)। দীর্ঘ বিরতির পর আবারও পুরুষ দলের ম্যানেজার হলেন তিনি। রোববার (৩০ আগস্ট ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। আগামী সেপ্টেম্বর-অক্টোবর ২০২৬-এর ফিফা উইন্ডোতে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ‘ফিফা আসিয়ান কাপ ২০২৬’-এর খেলা উপলক্ষে জাতীয় দলের জন্য এই রদবদল এনেছে বাফুফে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন এই আসরে বাংলাদেশ দলের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য মো. ইকবাল হোসেন। দলের টিম ম্যানেজারের মূল প্রশাসনিক দায়িত্ব সামলাবেন আরেক কার্যনির্বাহী সদস্য মো. আমিরুল ইসলাম।আর বাফুফে ন্যাশনাল টিমস কমিটির সদস্য মো. আমের খান পালন করবেন টিম কো-অর্ডিনেটরের দায়িত্ব। গত প্রায় দেড় বছর ধরে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন আমের খান।
কিন্তু তিনি বাফুফের নির্বাচিত নির্বাহী কমিটির সদস্য না হওয়ায় ফেডারেশনের ভেতরেই এই নিয়ে চাপা অসন্তোষ ছিল। নির্বাচিত একাধিক সদস্যের দাবি ছিল, সম্মানজনক এই পদটি তাদের মধ্য থেকেই কাউকে দেওয়া উচিত।সম্প্রতি আমিরুল ইসলাম বাবু প্রকাশ্যে ম্যানেজার হওয়ার আগ্রহ প্রকাশ করার পর এই দাবি আরও জোরালো হয়। বাফুফের এই সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট হলো যে, শেষ পর্যন্ত নির্বাচিত সদস্যদের দাবির প্রতিই সম্মান জানানো হয়েছে।আমিরুল ইসলাম শুরুতে বাংলাদেশ পুরুষ ফুটবল দলের ম্যানেজার ছিলেন। এর পর দীর্ঘ সময় নারী ফুটবল দলের ম্যানেজার ছিলেন। সেখানে পাওয়া সাফল্যে আবারও পুরুষ ফুটবল দলের ম্যানেজার হিসেবে ফিরলেন তিনি।
তাজাখবর২৪.কম,ঢাকা: রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ , ১৬ রবিউল আউয়াল ১৪৪৮