প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৭ পিএম (ভিজিট : )
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান
তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে গাইতে গিয়ে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন আর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসান। মঞ্চে গান পরিবেশনের সময় দর্শকসারি থেকে তাকে লক্ষ্য করে পানির বোতল ছোড়া হয়।ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। শোবিজ অঙ্গনের অনেকেই এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।এবার ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন সংগীতশিল্পী হাসান। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টার পর নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি আগে কখনো হননি।
হাসান লেখেন, ‘ঘটনাটি আমার কাছে খুবই অপ্রত্যাশিত। দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনও হইনি। বহু বছর ধরে বাংলা ব্যান্ড সংগীত করছি। এই সময়ে বিচিত্র অনেক অভিজ্ঞতা হয়েছে। কিন্তু মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হতে পারে, এমনটা কখনও দেখিনি বা ভাবিনি।’তবে বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করতে চাই, যে এমনটি করেছে, সে হয়তো না বুঝেই করেছে।’
ভবিষ্যতে দেশের কোনো শিল্পী যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হন এমন অনুরোধও জানিয়েছেন হাসান। তিনি বলেন, ‘কনসার্টে আসা মানুষের মনে রাখা উচিত, শিল্পীরা এই দেশের, শিল্পীরা সবার। তারা এ দেশের মানুষের জন্যই গান করেন। বিনিময়ে তারা শুধু মানুষের ভালোবাসা চান। কোনও শিল্পীকে এভাবে অসম্মান করা বা অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি করা উচিত নয়।
শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার না করার আহ্বান জানিয়ে হাসান আরও বলেন, একজন শিল্পী পাঁচ বা দশ বছরের জন্য শিল্পী নন, তিনি আজীবনের জন্যই শিল্পী। বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের গান গাইতে হয়। তাই বলে তাকে কোনো রাজনৈতিক পরিচয়ে ফেলে বিচার করা উচিত নয়।হাসানের ভাষ্য, শিল্পীরা মানুষকে ভালোবেসে গান শোনান। তাই তাদের প্রাপ্য সম্মান দেওয়া এবং কনসার্টে তাদের নিরাপত্তা নিশ্চিত করাও সবার দায়িত্ব।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩, ২৪ সফর ১৪৪৭