প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:৩৪ এএম (ভিজিট : )
মোবাইল ফটোগ্রাফি ও স্মার্ট ডিভাইসে নতুন চমক হুয়াওয়ের!
তাজাখবর২৪.কম,প্রযুক্তি ডেস্ক: মোবাইল ফটোগ্রাফি ও স্মার্ট ডিভাইসে নতুন চমক দেখিয়েছে হুয়াওয়ে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত এক অনুষ্ঠানে উন্মোচন করা হয়েছে পুরা নাইনটিজ সিরিজ, যেখানে রয়েছে শিল্পের প্রথম ২০০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। পাশাপাশি এসেছে ফ্রিক্লিপ টু এস ইয়ারবাড এবং ম্যাটপ্যাড ট্যাবলেট।মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল হুয়াওয়ের পুরা নাইনটিজ সিরিজ। এটি প্রতিষ্ঠানটির নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ ফটোগ্রাফি স্মার্টফোন। বিশেষ করে প্রো-ম্যাক্স সংস্করণে যুক্ত করা হয়েছে শিল্পের প্রথম ২০০ মেগাপিক্সেল আল্ট্রা-লার্জ সেন্সর টেলিফটো ক্যামেরা, যা দূরের বস্তুর ছবি আরও বেশি বিস্তারিত ও উজ্জ্বলভাবে ধারণ করতে সক্ষম।
নতুন সিরিজে রয়েছে True-to-Colour Camera প্রযুক্তি, যা আগের প্রজন্মের তুলনায় রঙের নির্ভুলতা ৪৩ শতাংশ এবং কালার গ্যামাট প্রসেসিং ৩৪ শতাংশ পর্যন্ত উন্নত করেছে। হুয়াওয়ের দাবি, ফলে বাস্তবে চোখে দেখা রঙের সঙ্গে ছবির রঙের মিল আরও বেশি পাওয়া যাবে। এছাড়া ফটোগ্রাফিকে আরও সহজ ও সবার জন্য সহজলভ্য করাই হুয়াওয়ের মূল লক্ষ্য বলে জানায় প্রতিষ্টানটি।ইউরোপ হুয়াওয়ের কনজ্যুমার প্রোডাক্ট প্রধান আন্দ্রেয়াস জিমার বলেন, আমরা এখানে ফিজিক্যাল অ্যাপারচারের ওপর অনেক বেশি নির্ভর করেছি। অর্থাৎ স্মার্টফোনে পেশাদার ফটোগ্রাফি ইঞ্জিনিয়ারিং নিয়ে আসার চেষ্টা করেছি, যা আমাদের পণ্যকে অন্যদের থেকে আলাদা করে।
স্মার্টফোনের পাশাপাশি উন্মোচন করা হয়েছে ফ্রিক্লিপ টু এস ওপেন-ইয়ার ওয়্যারলেস ইয়ারবাড। যা ১০ হাজারের বেশি মানুষের কানের গঠন বিশ্লেষণ করে তৈরি। প্রযুক্তির কারণে ব্যবহারকারী যেকোনো ইয়ারবাড যেকোনো কানে পরলেও ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে বাম-ডান অডিও চ্যানেল শনাক্ত করে নেয়। প্রতিটি ইয়ারবাডের ওজন মাত্র ৫ দশমিক ১ গ্রাম। ত্বকবান্ধব লিকুইড সিলিকন এবং এআই-নির্ভর অডিও প্রসেসিং প্রযুক্তিও এতে যুক্ত করা হয়েছে।একই অনুষ্ঠানে ম্যাটপ্যাড এয়ারের নতুন সংস্করণও উন্মোচন করে হুয়াওয়ে। পাশাপাশি আয়োজিত প্রোডাক্ট এক্সপেরিয়েন্স এরিয়াতে অতিথিরা নতুন ডিভাইসগুলো হাতে-কলমে ব্যবহার করে ক্যামেরা, অডিও এবং সফটওয়্যার ফিচার পরীক্ষা করার সুযোগ পান। হুয়াওয়ের দাবি, গবেষণা ও উন্নয়নে ধারাবাহিক বিনিয়োগের ফলেই এসব নতুন প্রযুক্তি সম্ভব হয়েছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩, ৩০ মহারম, ১৪৪৭