রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়ায় আর্জেন্টিনা বনাম জর্ডান এর মধ্যে ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালীন বিদ্যুৎ বিভ্রাট ও টানা কয়েকদিন যাবত তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে ক্ষুব্ধ গ্রাহকদের একাংশ ও ফুটবলপ্রেমি কিছু সংখ্যক দর্শক উত্তেজিত হয়ে কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে হামলা ও ভাঙচুর করেছে । রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে কেন্দুয়া পৌরসভার সাউদপাড়াস্থ কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে এ ঘটনা ঘটে । সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিসের জানালার কয়েকটি গ্লাস ভাংচুর করা হয়েছে।স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়,বেশ কিছুদিন ধরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে কেন্দুয়া উপজেলার সর্বত্রই জনজীবন অতিষ্ঠ। এরই মাঝে রোববার অধিকাংশ ফুটবল প্রেমিকের পছন্দ ও জনপ্রিয় দল আর্জেন্টিনা এবং প্রতিপক্ষ জর্ডানের মাঝে ফুটবল খেলায় এক ঘন্টার মাঝে ৭ বার বিদ্যুৎ আসা যাওয়া করে। এতে প্রিয় দলের খেলা দেখতে বিঘ্ন ঘটায় কিছু মানুষ উত্তেজিত হয়ে বিদ্যুৎ অফিসে হামলা করে।
কেন্দুয়া পল্লীবিদ্যুৎ অফিসের ডিজিএম ওমর ফারুক বলেন,আমাদের বিদ্যুতের উৎপাদন সংকট রয়েছে। কেন্দুয়া উপজেলায় প্রতিদিন চাহিদা রয়েছে ২৭ মেগাওয়াট, সরবরাহ হচ্ছে মাত্র ৬থেকে ৮ মেগাওয়াট। ফলে গ্রামাঞ্চলে প্রতিদিন ৭/৮ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না।হামলা ভাংচুরের ব্যাপারে বলেন,আমাদের অফিসে হামলা ভাংচুরের ঘটনায় কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে,তারা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেবেন। এ ব্যপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, আমি নেত্রকোনাতে আছি।যতদূর জেনেছি পল্লীবিদ্যুৎ থেকে একটি অভিযোগ দিয়েছেন।বিষয়টি তদন্ত করে দেখা হবে।
তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ই আষাঢ় ১৪৩৩, ১২ মহারম, ১৪৪৭