মেসির ফাউলের ঘটনায় রেফারিং নিয়ে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১২:১৬ পিএম  (ভিজিট : )
মেসির ফাউলের ঘটনায় রেফারিং নিয়ে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার

মেসির ফাউলের ঘটনায় রেফারিং নিয়ে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে হারের ম্যাচে রেফারিংয়ের মান নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে আলজেরিয়া। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র শুক্রবার (১৯ জুন) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।সংবাদ সংস্থাটির খবর অনুযায়ী, আলজেরিয়ার ফুটবল কর্তৃপক্ষ ফিফার রেফারিং কমিশনের কাছে একটি চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে অভিযোগের কেন্দ্রবিন্দু প্রথমার্ধে আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির পায়ের পেছনে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির বুট দিয়ে আঘাতের ঘটনাটি।  ঘটনার পর আলজেরিয়ার খেলোয়াড়রা মেসিকে লাল কার্ড দেখানোর দাবি তুললেও রেফারি তা অগ্রাহ্য করেন, এমনকি ভিএআরে ঘটনার রিপ্লেও দেখেননি তিনি। নির্বিঘ্নে ম্যাচ খেলে মেসি বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরস্লাভ ক্লোসার সঙ্গী হন।

আলজেরিয়ার অভিযোগে আরও বলা হয়েছে, দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার কনুই দিয়ে আলজেরিয়ান খেলোয়াড় ইবরাহিম মাজাকে মুখে আঘাত করলেও সেটি শাস্তির আওতায় আনা হয়নি।কানসাস সিটিতে অনুষ্ঠিত গ্রুপ ‘জে’-এর ম্যাচটি পরিচালনা করেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সিমন মারচিনিয়াক। ২০২২ এর কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ম্যাচেও তিনিই রেফারির দায়িত্ব পালন করেছিলেন। এদিন ম্যাক অ্যালিস্টার যখন কনুই  উঁচু করে মাজাকে ধাক্কা দেন, এই রেফারি ঘটনাস্থল থেকে মাত্র এক মিটার দূরে ছিলেন।

আলজেরিয়ার অভিযোগে মারচিনিয়াকের পারফরম্যান্সের পাশাপাশি তার ভিএআর দলের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। সেই দলের নেতৃত্বে ছিলেন তারই স্বদেশী তোমাশ কফিয়াতকভস্কি।মেসির ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেক সমর্থক প্রশ্ন তোলেন, বড় তারকা হওয়াতেই কি মেসি শাস্তি এড়িয়ে গেছেন?

এই বিতর্কের প্রসঙ্গ টেনেছেন দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুসও। বুধবার (১৭ জুন) তিনি তার দলের মিডফিল্ডার থেম্বা জোয়ানের শাস্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মেক্সিকোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে লাল কার্ড পাওয়ার পর জোয়ানের নিষেধাজ্ঞা তিন ম্যাচে বাড়ানো হয়।ব্রুস বলেন, 'মেসির ঘটনায় যা হয়েছে, তা দেখার পর আমার খেলোয়াড়ের সঙ্গে যা করা হয়েছে, তার সঙ্গে আমি একমত নই। মেক্সিকোর খেলোয়াড় আমার খেলোয়াড়ের পথ আটকে দিয়েছিল, থেম্বা তাকে ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করে এবং কাঁধের ওপর হাত রাখে। সে এর বেশি কিছু করেনি।'
 
তিনি আরও বলেন, 'এর জন্য লাল কার্ড এবং তিন ম্যাচের নিষেধাজ্ঞা? দুঃখিত, কিন্তু এটা অত্যন্ত কঠোর শাস্তি। আমি বলছি না যে মেসিকে লাল কার্ড দেখাতে হবে, কারণ এমন মানের একজন খেলোয়াড়কে মাঠে থাকা উচিত, যেমনটা আমরা আলজেরিয়ার বিপক্ষে দেখেছি। কিন্তু মেসির ঘটনা আর জোয়ানের ঘটনার মধ্যে পার্থক্যটা কোথায়?'আগামী সোমবার (২২ জুন) ডালাসে বিশ্বকাপের পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রিয়ার। সান ফ্রান্সিসকোয় আরেক ম্যাচে আর আলজেরিয়ার প্রতিপক্ষ জর্ডান। 

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩, ৪ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝