শ্রমিক অসন্তোষের মধ্যেই ট্রাম্পের নতুন শুল্ক প্রস্তাব, নজিরবিহীন চাপে পোশাক খাত
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:১০ এএম  (ভিজিট : )
শ্রমিক অসন্তোষের মধ্যেই ট্রাম্পের নতুন শুল্ক প্রস্তাব, নজিরবিহীন চাপে পোশাক খাত

শ্রমিক অসন্তোষের মধ্যেই ট্রাম্পের নতুন শুল্ক প্রস্তাব, নজিরবিহীন চাপে পোশাক খাত

তাজাখবর২৪.কম,অর্থ ও বাণিজ্য ডেস্ক: ন্যূনতম মজুরি বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের পরও অসন্তুষ্ট দেশের পোশাক শ্রমিকরা; বিচ্ছিন্নভাবে এখনও চলছে বিক্ষোভ। এখনও বন্ধ বহু পোশাক কারখানা। এর মধ্যেই বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র থেকে এসেছে বড় এক দুঃসংবাদ। নতুন করে বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। দুইয়ে মিলে নজিরবিহীন চাপে ফেলে দিয়েছে দেশের পোশাক খাতকে।এরই মধ্যে বর্তমান ব্যয় কাঠামোতে দেশের বেশিরভাগ তৈরি পোশাক কারখানার নবনির্ধারিত ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি পরিশোধ করার সক্ষমতা নেই বলে সতর্ক করেছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর সহ-সভাপতি মো. শিহাব উদদোজা চৌধুরী।বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে সংস্কারমুখী নাগরিক মঞ্চ ‘ভয়েস ফর রিফর্ম’ আয়োজিত এক আলোচনা সভায় এ শঙ্কার কথা জানান তিনি।

আলোচনা সভায় শিহাব উদদোজা চৌধুরী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জ্বালানি ও মূলধনী ব্যয় ক্রমাগত বাড়ায় উৎপাদনকারীদের মুনাফার হার কমে গেছে। অন্যদিকে, নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন জটিলতার কারণে লোকসানে থাকা কারখানাগুলো বন্ধ করাও কঠিন হয়ে পড়েছে।পোশাক খাতের বর্তমান পরিস্থিতিকে ‘অন্ধকার জগতের’ সঙ্গে তুলনা করে বিজিএমইএ’র এই নেতা বলেন, একবার কেউ এই শিল্পে প্রবেশ করলে মৃত্যুর আগে আর বের হতে পারে না।এ সময় সংকটগ্রস্ত কারখানা মালিকদের আইনি ও সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসা গুটিয়ে নেওয়ার সুযোগ দিতে জরুরি নীতি পরিবর্তনের আহ্বান জানান তিনি।‘ভয়েস ফর রিফর্ম’-এর সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর বলেন, পোশাকশিল্প বর্তমানে রপ্তানি চাহিদা, পণ্যের দরপতন, ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় এবং শ্রমিকদের জীবনযাত্রার খরচ—এই চারটি বড় চাপের মুখে রয়েছে।

মুদ্রা বিনিময় হারের প্রসঙ্গ টেনে তিনি জানান, ২০২৩ সালে ন্যূনতম মজুরি বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হলে সব গ্রেড মিলিয়ে গড়ে প্রায় ৫৫ শতাংশ মজুরি বাড়ে। ওই সময় ডলারের বিনিময় হার ১০২ টাকা থেকে বেড়ে প্রায় ১১৮ টাকা হওয়ায় রপ্তানিকারকরা বাড়তি মজুরির চাপ সামাল দিতে পেরেছিলেন। তবে গত ১২ মাসে ডলারের বিপরীতে টাকার মান মাত্র ১ দশমিক ৭ শতাংশের মতো কমেছে, ফলে রপ্তানিকারকদের সেই মুদ্রা বিনিময়জনিত সুরক্ষা আর নেই।বিজিএমইএ-র সাবেক সভাপতি রুবানা হক বলেন, দেশের পোশাক শিল্প তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে। বর্তমান ব্যয় কাঠামোতে এই ব্যবসা আর লাভজনক নেই। আগামী দিনগুলোতে বহু ছোট ও মাঝারি আকারের কারখানা বন্ধ হয়ে যেতে পারে এবং এর ফলে দেশে বেকারত্ব আরও বাড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে নিম্নতম মজুরি নতুন করে নির্ধারণের পরও মাঠের আন্দোলন চালিয়ে যাচ্ছেন অনেক শ্রমিক। বৃহস্পতিবারও গাজীপুরের কয়েকটি জায়গায় সড়কে নামার চেষ্টা করেছেন পোশাক শ্রমিকরা।খোঁজ নিয়ে জানা গেছে, সকাল নয়টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় একদল পোশাক শ্রমিক মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ ঘটনায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়।বিশৃঙ্খল পরিস্থিতির শঙ্কায় গাজীপুরের নাওজোড়, ভোগড়া বাইপাস এবং কোনাবাড়িসহ বিভিন্ন এলাকায় নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে অনেক কারখানায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।এমন পরিস্থিতির মধ্যেই সামনে এলো যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক বৃদ্ধির প্রস্তাব। বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় বা ইউএসটিআর।বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশকে গত জুলাই মাসে আরোপ করা অতিরিক্ত ১০ শতাংশ শুল্কসহ মোট ২৫ দশমিক ৬২ শতাংশ শুল্ক দিতে হয়। এর ওপর নতুন শুল্ক আরোপ হলে বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে শুল্কের পরিমাণ ছাড়িয়ে যেতে পারে ৪০ শতাংশ।

এমনিতেই আগের ২৫ শতাংশ শুল্কসহ নানা কারণে চলতি বছরের শুরুর নয় মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি কমেছে। স্বাভাবিকভাবেই শুল্ক আরও বাড়ানোর এই প্রস্তাব বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতকে আরও বেশি চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেবে বলে মনে করা হচ্ছে।বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির অবশ্য বলছেন, মার্কিন শুল্ক আরোপের বিষয়টি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার একটি অংশ। এ বিষয়ে বাংলাদেশ নেগোশিয়েট বা সমঝোতার প্রচেষ্টা করবে বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশের চ্যালেঞ্জ যেখানে
একদিকে মূল্যস্ফীতির সাথে সংগতি রেখে জীবনযাত্রার ব্যয় মেটানো, শ্রমিকদের কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানো এবং শিল্পখাতে স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশের তৈরি পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানো জরুরি। অন্যদিকে, ট্রম্পের বাণিজ্য নীতিসহ নানা কারণে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করে পোশাক খাতের বাজার ধরে রাখা এবং নতুন বাজার খোঁজার চ্যালেঞ্জ।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব কমার্সের, অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল বা ওটেক্সা এর হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি কমেছে ৪ দশমিক ৫৭ শতাংশ।অবশ্য, সার্বিকভাবেই যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ৬ দশমিক ১৪ শতাংশ কমে, ৫৬ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে নেমেছে।পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির সঙ্গে ট্রাম্পের ট্যারিফের সরাসরি সম্পর্ক না থাকলেও একদিকে বাড়তি ট্যারিফের কারণে রপ্তানি অনিশ্চয়তা, অন্যদিকে শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন— এই দুটি বিষয় করুণভাবে প্রভাবিত করছে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে।

বাংলাদেশের তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম বলছেন, ট্রাম্পের ট্যারিফ গোটা বিশ্বকেই একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। এমন পরিস্থিতিতে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে দেশের অভ্যন্তরে যে প্রক্ষাপট তৈরি হয়েছে তাতে রপ্তানির বাজার হারানোর শঙ্কা বাড়ছে বাংলাদেশের জন্য। দুইটা বিষয় একসঙ্গে দেখলে যেটা দাঁড়াচ্ছে, সেটা হলো আলটিমেটলি আমাদের গার্মেন্টস সেক্টরটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।জ্বালানির মূল্য বৃদ্ধি ও বাড়তি ট্যারিফের কারণে খরচ বাড়ছে আর শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে, বাংলাদেশে তৈরি পোশাক খাতের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে এবং বিশৃঙ্খল পরিস্থিতি চলতে থাকলে অনেক দেশের পোশাক আমদানিকারকরা বিকল্প উৎস খুঁজে নিতে পারেন বলেই মনে করেন পোশাক কারখানা মালিকদের অনেকে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩, ১৬ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝