তাজাখবর২৪.কম,ঢাকা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুবিধা দিয়েছিল সরকার। তবে, দুর্গাপূজা শেষ হয়ে যাওয়ায় আবারও সেই সময়ে আনা হয়েছে পরিবর্তন।
শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। এতে মার্কেট ও দোকানপাট বন্ধের সময় আবারও দুই ঘণ্টা কমে গেছে।
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখতে চলতি বছর কয়েক দফায় দোকানপাট ও মার্কেট খোলা রাখার সময়সূচি পরিবর্তন করেছে সরকার। সর্বশেষ গত ৫ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয় বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় বলা হয়েছিল, দুর্গাপূজা উপলক্ষ্যে ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। ২৩ অক্টোবর থেকে আবারও বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার আগের নিয়ম কার্যকর হবে। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় শুক্রবার থেকে সেই নিয়ম কার্যকর হয়েছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮