তাজাখবর২৪.কম,চট্টগ্রাম: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের অধীনে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান (৭০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।নগরীর ডবলমুরিং থানাধীন উত্তর আগ্রাবাদ মুহুরীপাড়ার সিপাহী বাড়ির মৃত জইন উদ্দিন দরফ আলীর ছেলে আব্দুর রহমান নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ আগ্রাবাদ শাখার সহসভাপতি ছিলেন। তিনি কোতোয়ালী থানার বিস্ফোরক দ্রব্য আইনের ৪৯ (০৯)২৪ নম্বর মামলার আসামি ছিলেন।
তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন বলে জানা গেছে।চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, কোতোয়ালী থানার একটি মামলায় হাজতি হিসেবে আটক আব্দুর রহমান মিয়া গত ১৭ নভেম্বর কারাগারে প্রবেশ করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ২৪ ডিসেম্বর তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে ভর্তি করেন। প্রায় এক মাস চিকিৎসা শেষে ১৮ জানুয়ারি তাকে ছাড়পত্র দিয়ে পুনরায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তবে হাসপাতালের ছাড়পত্র অনুযায়ী তার শরীরে ফুসফুসের ক্যানসার থেকে মস্তিষ্কে ছড়িয়ে পড়া রোগ (ব্রেন মেটাস্টেসিস) শনাক্ত হয়। এছাড়া তিনি উচ্চ রক্তচাপসহ অন্যান্য জটিল রোগেও আক্রান্ত ছিলেন।
পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ২৬ জানুয়ারি তাকে আবারও চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ই মাঘ ১৪৩২,১১ শাবান, ১৪৪৭