প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৭ এএম (ভিজিট : )
মেসিকে বিদায় জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণা কেবল ক্রীড়াঙ্গনেই নয়, আলোড়ন তুলেছে পুরো বিশ্বে। প্রত্যাশিত হলেও আর্জেন্টাইন অধিনায়কের বিদায়ের সিদ্ধান্তে আবেগাপ্লুত হয়েছেন ভক্ত-সমর্থক থেকে শুরু করে ফুটবল বিশ্বের কিংবদন্তিরাও। এবার মেসিকে বিদায় জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই।
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উদ্দেশ্য করে একটি সংক্ষিপ্ত কিন্তু গভীর বার্তা দিয়েছেন মিলেই। ইনস্টাগ্রামে ভক্তদের অভিবাদন জানানো মেসির একটি ছবি পোস্ট করে আর্জেন্টিনার প্রেসিডেন্ট লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ, অসম্ভবকে সম্ভব করা মানুষ।আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্যগুলোর অন্যতম নায়ক মেসি। তার বিদায়ের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্টের এই বার্তা দেশটির মানুষের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে।
এক আবেগঘন বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান মেসি। তিনি স্বীকার করেন, এমন সিদ্ধান্ত নেওয়া তার জন্য সহজ ছিল না। তবে দীর্ঘ চিন্তাভাবনার পর তিনি মনে করেছেন, আর্জেন্টিনার নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ করে দেওয়ার এটাই উপযুক্ত সময়।মেসি বলেন, আমার যা কিছু ছিল, তার সবটুকু আমি উজাড় করে দিয়েছি এবং দেওয়ার মতো আর কিছুই আমার কাছে নেই। আর্জেন্টিনায় একদল অসাধারণ তরুণ খেলোয়াড় রয়েছে, যারা তাদের সুযোগ পাওয়ার যোগ্য।দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনাকে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন মেসি। বিশ্বকাপ, কোপা আমেরিকাসহ দেশের হয়ে একের পর এক সাফল্যের নায়ক এবার জাতীয় দলের জার্সিতে নিজের অধ্যায়ের ইতি টানলেন। আর তার বিদায়ে আবেগ ছুঁয়ে গেছে দেশের সর্বোচ্চ পর্যায়কেও।
তাজাখবর২৪.কম,ঢাকা:মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩, ১৮ রবিউল আউয়াল ১৪৪৮