প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৮:৫২ পিএম (ভিজিট : )
বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফায় বড় প্রবৃদ্ধি
তাজাখবর২৪.কম,অর্থ-বাণিজ্য ডেস্ক: সদ্য বিগত ২০২৫-২৬ অর্থবছরে নিট মুনাফায় বড় ধরনের প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। এই অর্থবছরে প্রায় ২৫ হাজার ৯০০ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে কেন্দ্রীয় ব্যাংক। আগের ২০২৪-২৫ অর্থবছরে এই মুনাফার পরিমাণ ছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছে প্রায় ৩ হাজার ২৮০ কোটি টাকা।রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়েছে। সেখানেই এমন তথ্য উপস্থাপিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মূল বেতনের ছয় গুণ হারে প্রণোদনা বোনাস দেওয়ার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।এদিকে, কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বৃদ্ধির পেছনে কয়েকটি কারণের কথা জানা গেছে। বিশেষ করে ব্যাংক খাতে দীর্ঘদিনের তারল্যসংকটের কারণে বিভিন্ন ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে আগের তুলনায় বেশি অর্থ ধার করেছে। এতে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ থেকে সুদ আয় বেড়েছে।
এছাড়া, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি অংশ বিভিন্ন দেশের আর্থিক ও বিনিয়োগ খাতে রাখা আছে। সেখান থেকেও গত অর্থবছরে ভালো আয় এসেছে। ঋণ ব্যবস্থাপনা থেকে বাড়তি সুদ আয় এবং বৈদেশিক বিনিয়োগের মুনাফা দুইয়ের প্রভাবেই কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের প্রকৃত মুনাফার পরিমাণ ছিল প্রায় ৪০ হাজার কোটি টাকা। ওই অর্থবছরে নিট মুনাফা ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা। পরের অর্থবছর ২০২৪-২৫-এ নিট মুনাফা বেড়ে দাঁড়ায় ২২ হাজার ৬২০ কোটি টাকা। আর সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা আরও বেড়ে হলো ২৫ হাজার ৯০০ কোটি টাকা।
তাজাখবর২৪.কম,ঢাকা: রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ , ১৬ রবিউল আউয়াল ১৪৪৮