তাজাখবর২৪.কম,ঢাকা: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার(২৬ আগস্ট) সরকারি সাধারণ ছুটি থাকবে। এদিন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ছুটি ভোগ করবেন। তবে জরুরি সেবা সচল রাখতে সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠান ও কর্মী এ ছুটির আওতার বাইরে থাকবেন।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এ ছুটির পরদিন বৃহস্পতিবার এক দিনের ছুটি নিলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়ার সুযোগ রয়েছে।তবে জনসেবা ও জরুরি কার্যক্রম সচল রাখতে কিছু প্রতিষ্ঠানের কর্মীদের ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো রয়েছে।এ ছাড়া হাসপাতাল ও চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও কর্মীরাও এ ছুটির আওতার বাইরে থাকবেন। জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব পালন করতে হবে।
ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন এবং জরুরি দায়িত্বে নিয়োজিত কর্মীদের ক্ষেত্রেও ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি প্রযোজ্য হবে না।এর আগে গত ১৩ আগস্ট ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাসের হিসাব অনুযায়ী আগামী ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি সাধারণ ছুটি থাকবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা এ ছুটি ভোগ করবেন।এদিকে ব্যাংক খোলা বা বন্ধ রাখার বিষয়ে পৃথক সিদ্ধান্ত দেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে আদালত খোলা থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩, ১১ রবিউল আউয়াল ১৪৪৮