প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:১৬ এএম (ভিজিট : )
ইরানকে ‘সর্বকালের সবচেয়ে ধ্বংসাত্মক অর্থনৈতিক আঘাতের’ ঘোষণা ট্রাম্পের
তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর তেহরানকে নজিরবিহীন অর্থনৈতিক চাপে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।বুধবার (১৯ আগস্ট) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সর্বকালের সবচেয়ে ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযান’ শুরুর ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, চুক্তিতে পৌঁছানোর সুযোগ থাকা সত্ত্বেও ইরান তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এর ফলে দেশটি এখন কঠোর অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিকভাবে একঘরে হওয়ার পরিস্থিতির মুখে পড়তে পারে।ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করা দেশগুলোকেও সতর্ক করেছেন ট্রাম্প। তিনি বলেন, তেহরানকে আর্থিক, বাণিজ্যিক বা কূটনৈতিক সুবিধা দেওয়া হলে সংশ্লিষ্ট দেশগুলোকেও পরিণতি ভোগ করতে হবে।এ সময় তেল চোরাচালান, অর্থ স্থানান্তর, নিবন্ধিত জাহাজ ব্যবহার এবং ভুয়া কোম্পানির মাধ্যমে ব্যবসার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন তিনি। এই পদক্ষেপকে ট্রাম্প ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করে মিত্র দেশগুলোর প্রতি ইরানকে বিচ্ছিন্ন করার আহ্বান জানান।
চলতি বছরের এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ইরানের অর্থ প্রবাহ বন্ধে তেল, নৌ ও আর্থিক খাতে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে আসছে। তবে নতুন এই পদক্ষেপে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র এবার ইরানের সঙ্গে বাণিজ্য করা চীন, তুরস্ক ও ইরাকের ওপর দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা দিতে পারে।তবে চীনের ক্ষেত্রে এমন পদক্ষেপ নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ বেইজিং এরই মধ্যে মার্কিন নিষেধাজ্ঞার চাপে নতি স্বীকার না করার ইঙ্গিত দিয়েছে।ইরানকে আরও কঠোর অর্থনৈতিক চাপে ফেলতে নতুন পদক্ষেপের পথে এগোচ্ছে ওয়াশিংটন।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩, ০৬ রবিউল আউয়াল ১৪৪৮