পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১২:৪১ পিএম  (ভিজিট : )
পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

তাজাখবর২৪.কম,ঢাকা: দেশের পরিবেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে জনগণের সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার একা নয়, বরং দেশের প্রতিটি নাগরিক সচেতন হলে আবর্জনামুক্ত ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।সোমবার (৩ আগস্ট) সকাল বেলা ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী-পেশার মানুষকে স্পর্শ করে। বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ। অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন? আমার আশপাশটি কেমন?তিনি বলেন, আপনারা অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যেকোনো রাস্তাঘাটই হোক, যেকোন এলাকায় হোক, যেকোনো জেলা শহরের এলাকায় হোক, এমনকি উপজেলা পর্যায়েও ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে, যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে চোখে পড়ে।
 
প্রধানমন্ত্রী বলেন, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে ৩০-৪০ বছর আগে দৃশ্যটা এমন ছিল না। কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু অথবা আমার-আপনার খাওয়া চিপসের প্যাকেট অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেলের প্লাস্টিকের বোতলটি অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে—সেই বোতলটি; এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্রতত্র সব জায়গায় ছড়িয়ে আছে।

তারেক রহমান বলেন, কোনো জায়গায় একটু জমা হয়ে আছে অথবা লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না। আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন—"সবুজ শস্য শ্যামলা আমার এ ভুবন"। তা আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না।

সরকারপ্রধান বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে অথবা রিকশায় যায় অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়। বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই; আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো আমরা না ফেলে দেই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো।প্রধানমন্ত্রী বলেন, দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি—হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভেতরে বিভিন্ন রকম ময়লা স্তুপ হয়ে পড়ে আছে। অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তুপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসতো, গল্প করতো পরিবার পরিজন নিয়ে। কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না।
 
তিনি বলেন, ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে। কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি অথবা চিপস খাচ্ছি অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে। কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি সেটি পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা ও সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে।
 
দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কাজেই আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই। আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো। সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব।বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার-সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ ও সুস্থ পরিবেশ।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩, ১৯ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝