প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১২:১১ পিএম (ভিজিট : )
আসছে পূর্ণ সূর্যগ্রহণ, যারা দেখতে পারবেন
তাজাখবর২৪.কম,প্রযুক্তি ডেস্ক: দুই বছরেরও বেশি সময় পর আবারও আসছে পূর্ণ সূর্যগ্রহণ। দিনের বেলায়ও রাতের অন্ধকারে ছেয়ে যাবে পৃথিবীর বেশ কিছু অঞ্চল।মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, আগামী ১২ আগস্ট আকাশে এই পূর্ণ সূর্যগ্রহণের দেখা মিলবে। এদিন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে অবস্থান নেবে। এর ফলে পৃথিবীর কিছু অঞ্চল থেকে সূর্যকে দেখা যাবে না। সূর্য সম্পূর্ণ আড়াল হয়ে যাবে। সেখানে দিনের বেলাতেও রাতের অন্ধকার নেমে আসবে।
এবারের সূর্যগ্রহণের পূর্ণ ছায়াপথ প্রায় আট হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ হবে। এটি আর্কটিক অঞ্চলের উপকূল থেকে শুরু হয়ে উত্তর মেরুর কাছ দিয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল ও স্পেনের উত্তরাঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে। ফলে এসব এলাকায় ২০ সেকেন্ড থেকে দুই মিনিটের বেশি সময় পর্যন্ত সূর্য পুরোপুরি আড়াল হয়ে যাবে।এছাড়া ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। সেখানে সূর্যের কেবল একটি অংশ চাঁদের আড়ালে থাকবে, বাকি অংশ দেখা যাবে। বিশেষজ্ঞদের মতে, আবহাওয়া অনুকূলে থাকলে গ্রহণটি সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যাবে।
এর আগে, সবশেষ পূর্ণ সূর্যগ্রহণটি দেখা গিয়েছিল ২০২৪ সালের ৮ এপ্রিল। এটি মূলত উত্তর ও মধ্য আমেরিকা (যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো) থেকে দৃশ্যমান ছিল।অন্যদিকে ইউরোপের মূল ভূখণ্ড থেকে সবশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০০৬ সালে। আর স্পেনের মূল ভূখণ্ড থেকে এমন ঘটনা শেষবার দেখা যায় ১৯০৫ সালে। ফলে ১২০ বছরের বেশি সময় পর দেশটির নাগরিকরা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ই আষাঢ় ১৪৩৩, ১৬ মহারম, ১৪৪৭