প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:৫৫ পিএম (ভিজিট : )
সংসদে হইচই, ডেপুটি স্পিকার বললেন নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাবেন না
তাজাখবর২৪.কম,ঢাকা: সংসদে প্রশ্নের জবাব দেওয়ার সময় মন্ত্রীর বক্তব্যের মধ্যে হইচই করায় সংসদ সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, এইভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাবো কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শুনেন।বুধবার (১১ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে সারের ডিলার নিয়োগ নিয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের বক্তব্যের সময় সংসদে হইচই শুরু হলে এ কথা বলেন ডেপুটি স্পিকার।
সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের পর সম্পূরক প্রশ্ন করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনদের ডিলারশিপ দেওয়া এবং নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে তিনি কৃষিমন্ত্রীর কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান।জবাবে কৃষিমন্ত্রী বলেন, সারের ডিলার নিয়োগে উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি করা হয়েছে। উপজেলা পর্যায়ে ইউএনও এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে এসব কমিটি আবেদন যাচাই-বাছাই করে। এরপর জেলা পর্যায়ের কমিটি তিনজনের নাম ক্রমানুসারে মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে ঘোষণা করে।
মন্ত্রীর বক্তব্যের একপর্যায়ে সংসদে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা হইচই শুরু করেন। এ সময় মন্ত্রী বলেন, তিনি নতুন মন্ত্রী। বক্তব্য দেওয়ার সময় সাইড টক হলে তার অসুবিধা হয়। তার জবাব অপছন্দ হলে পরে আরেকটি প্রশ্ন করার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।হইচই বাড়তে থাকলে ডেপুটি স্পিকার কায়সার কামাল বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, সংসদ সদস্যদের কথা বলার অধিকার রয়েছে, জবাব দেওয়ারও অধিকার রয়েছে। বিরোধী দলের সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।
এরপর ডেপুটি স্পিকার বলেন, মাননীয় সদস্য, মন্ত্রী সাহেব একটু থামেন। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা সবাই বসেন। সবাই বসেন প্লিজ। মাননীয় সদস্য প্রশ্ন করেছেন, মাননীয় মন্ত্রী উত্তর দিচ্ছেন। উনার উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরও একটা প্রশ্ন নেব। কিন্তু এইভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শুনেন। মাননীয় মন্ত্রী, আর এদিকে এভাবে দাঁড়াবেন না প্লিজ।এরপর মন্ত্রী তার বক্তব্য অব্যাহত রাখেন। তিনি জানান, জেলা পর্যায়ের কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ ডিলার নিয়োগের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮