প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৬ এএম (ভিজিট : )
নিহত মনি খান। ছবি: সংগৃহীত
তাজাখবর২৪.কম,খুলনা: খুলনায় ফ্ল্যাট থেকে মনি খান (৩৮) নামে এক নারী উদ্যোক্তা ও বিউটিশিয়ানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মহানগরীর করিমনগর মসজিদ লেনের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত মনি খান স্থানীয় হোসাইন রশিদ খানের স্ত্রী ও করিমনগর মসজিদ লেনের আজাদুল হকের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তিনি নিউমার্কেট এপ্রোচ রোডে ‘মনি খান বিউটিজোন’ নামের একটি বিউটি পার্লার পরিচালনা করতেন এবং দীর্ঘদিন ধরে নারী স্বাবলম্বীকরণে বিউটিশিয়ান প্রশিক্ষণ দিয়ে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকে ঘরের দরজা বন্ধ করে রাখেন মনি খান। বুধবার দীর্ঘ সময় পরিবারের সদস্যরা সাড়াশব্দ না পেয়ে এবং ঘরের দরজা বন্ধ দেখে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন।খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পারিবারিক কলহের জেরে তিনি (মনি খান) আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও বলেন, মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর বৃহস্পতিবার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩, ১২ রবউিস সানি ১৪৪৮