প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২১ এএম (ভিজিট : )
দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
তাজাখবর২৪.কম,ঢাকা: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার(৬ সেপ্টেম্বর) দুই দিনের সফরে তিনি নিজ শহরে যাবেন। নতুন রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে গোটা জেলায় বইছে উৎসবের আমেজ।রাষ্ট্রপতির এই সফর ঘিরে ঠাকুরগাঁও শহরজুড়ে গ্রহণ করা হয়েছে বিশেষ সাজসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। শহরের প্রধান সড়ক, আইল্যান্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নতুন করে রঙের প্রলেপ দেওয়া হয়েছে। সেই সঙ্গে শোভা পাচ্ছে নানারকম তোরণ, ব্যানার ও ফেস্টুন।সফরের প্রথম দিনে আজ সকালে ঠাকুরগাঁও পৌঁছানোর কথা রয়েছে রাষ্ট্রপতির। জন্মভূমিতে পা রেখে তিনি প্রথমে শহরের গোয়ালপাড়া সেনুয়া কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করবেন। বিকেলে জেলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে নাগরিক সমাজের পক্ষ থেকে আয়োজিত এক গণসংবর্ধনায় তার অংশ নেওয়ার কথা রয়েছে। সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিকেলে তিনি ঢাকায় ফিরে যাবেন।
উল্লেখ্য, গত ২০ আগস্ট সংসদ সদস্যদের সর্বসম্মত ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ নেওয়ার পর এটিই তার প্রথম ঠাকুরগাঁও সফর।রাষ্ট্রপতির আগমন নিয়ে স্থানীয় বাসিন্দা ও নাগরিক সমাজের মাঝে যেমন উচ্ছ্বাস দেখা গেছে, তেমনি রয়েছে একগুচ্ছ নাগরিক দাবি ও প্রত্যাশা। জেলার অবহেলিত শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে রাষ্ট্রপতি কার্যকর ভূমিকা রাখবেন—এমনটাই আশা করছেন সাধারণ মানুষ।
সংবর্ধনা আয়োজনের বিষয়ে নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু মো. খয়রুল কবির জানান, প্রিয় ব্যক্তিত্বকে বরণ করতে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। বিকেলের সংবর্ধনা অনুষ্ঠানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে।এদিকে রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সার্বিক বিষযে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানান, ৫ সেপ্টেম্বর থেকেই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট, সড়ক ও অনুষ্ঠানস্থলে বাড়তি পুলিশ মোতায়েনের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সতর্ক নজরদারি বহাল রয়েছে।