তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: পপতারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক 'মাইকেল'-এর বিপুল সাফল্যের পর এর দ্বিতীয় পর্ব বা সিক্যুয়েল তৈরির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রথম সিনেমায় তার প্রারম্ভিক জীবন ও ক্যারিয়ারের প্রাথমিক সময় তুলে ধরা হলেও বায়োপিকের দ্বিতীয় পর্বে নব্বই দশকের বিভিন্ন বিতর্ক এবং আইনি অভিযোগের মতো জটিল অধ্যায়গুলো তুলে ধরা হবে।বায়োপিকের দ্বিতীয় পর্বের কাজ প্রসঙ্গে বিশেষ সাক্ষাৎকারে কথা বলেছেন সিনেমার প্রধান অভিনেতা ও মাইকেলের ভাতিজা জাফর জ্যাকসন। তিনি বলেন,প্রথম চলচ্চিত্রে মাইকেলকে তার একদম শুরু বা শিকড় থেকে তুলে ধরা হয়েছে। ফলে সব সফলতা অর্জন এবং আইকন হয়ে ওঠার আগে মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন, সে সম্পর্কে দর্শকেরা স্পষ্ট একটি ধারণা পান। আমি আশা করি, দ্বিতীয় সিনেমায় দর্শকেরা এটি আরও গভীরভাবে অনুধাবন করতে পারবেন।
জাফর জ্যাকসন আরও বলেন,
এটা অন্য কারো গল্প যেটি অন্য কেউ দেখেছে মূলত বিশেষ কোনো উদ্দেশ্য বা এজেন্ডায়। আর পরিবার হিসেবে এতদিন ধরে আমাদের মূল সমস্যাটাই ছিল এটি। কারণ মাইকেলের নিজের বক্তব্য কখনো কেউ শোনেনি। আমি মনে করি এটি সবার সামনে আসা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তার জীবনের শেষ সময়গুলোর বিষয়ে। দ্বিতীয় পর্বে তা স্পষ্ট হয়ে উঠবে আশা করি।এদিকে লায়ন্সগেট স্টুডিও প্রধান অ্যাডাম ফোগেলসন জানান দ্বিতীয় কিস্তিতে মাইকেল জ্যাকসনের জীবনের কঠিন সময়, তার ওপর আসা বিভিন্ন অভিযোগ এবং গায়কের নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নব্বইয়ের দশক থেকে ২০০৯ সাল পর্যন্ত গায়কের জীবনের বিতর্কিত ও জটিল অধ্যায়গুলো তুলে ধরার চেষ্টা চলছে দ্বিতীয় পর্বে। লায়ন্সগেট স্টুডিওর অধীনে সিক্যুয়েলটির চিত্রনাট্য বর্তমানে প্রাথমিক উন্নয়নের পর্যায়ে রয়েছে।
জানা যায়, চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতে এর চিত্রগ্রহণ শুরু হতে পারে। পরিকল্পনা মতো শুটিং ও আনুষঙ্গিক কাজ শেষ হলে সিনেমাটি প্রেক্ষাগৃহে ২০২৭ সালের শেষ দিক থেকে ২০২৮ সালের প্রথমার্ধের মধ্যে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।প্রসঙ্গত, কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসনের জন্ম, বেড়ে ওঠা, তারকা খ্যাতি পাওয়া থেকে শুরু করে ১৯৮৭ সালের ‘ব্যাড’অ্যালবাম প্রকাশ পর্যন্ত সময় দেখানো হয়েছে ‘মাইকেল’ বায়োপিকে। সিনেমাটি মুক্তির পর বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। সিনেপ্রেমী ও মাইকেল ভক্তরা তাই এখন বায়োপিকের দ্বিতীয় পর্ব দেখার অপেক্ষায় রয়েছেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩, ০৮ রবিউল আউয়াল ১৪৪৮