শায়খ ড. মাহির বিন হামাদ বিন মুয়াক্বল আল মুয়াইকিলি (বাঁয়ে) ও শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল বুয়াইজান। ছবি: সংগৃহীত
তাজাখবর২৪.কম,ইসলামিক ডেস্ক: মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ২২ মে) জুমার নামাজের ইমামতি করবেন ও খুতবা দেবেন যারা, তারা হচ্ছেন প্রখ্যাত দুই শায়খ। মসজিদে হারাম কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
মসজিদে হারাম
আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন সুপ্রসিদ্ধ ইসলামিক স্কলার শায়খ ড. মাহির বিন হামাদ বিন মুয়াক্বল আল মুয়াইকিলি। মসজিদে হারামের এই খতিব, ইসলামি স্কলার ও শিক্ষাবিদ হিসেবেও বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত। তিনি শায়খ মাহির আল মুয়াইকিলি নামে বেশি পরিচিত।শায়খ মাহির ১৯৬৯ সালের ৭ নভেম্বর মদিনা নগরীর আল ওয়াজাহ নামক এলাকায় জন্মগ্রহণ করেছেন। অবশ্য তার মা-বাবা লোহিত সাগর তীরে সৌদির ইয়ানবু শহর থেকে সেখানে বসবাস শুরু করেন। মদিনা নগরীতে শৈশব ও কৈশোরের এক বর্ণাঢ্য জীবন কাটিয়েছেন তিনি। ধার্মিক পরিবারে বড় হওয়ায় ইসলামি অনুশাসনের পাশাপাশি ছোটবেলা থেকে পবিত্র কোরআন পাঠে অত্যধিক গুরুত্বারোপ করেন এবং খুব কম বয়সেই হিফজ শেষ করেন।
তিনি মদিনা নগরীর টিচার্স ট্রেনিং কলেজে পড়াশোনা করেন। এরপর গণিতের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। গণিতের জটিল অঙ্ক বুঝিয়ে ব্যাপক সুনাম কুড়ান। পাশাপাশি মদিনার বিভিন্ন মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। তাই তাকে নিয়মিত পবিত্র কোরআন তেলাওয়াতের চর্চা করতে হতো। ব্যক্তিগত জীবনে তিনি চার সন্তানের জনক।
মসজিদে নববি
মসজিদে নববিতে আজ জুমার নামাজ পড়াবেন মদিনার প্রসিদ্ধ ইমাম, বিশিষ্ট ইসলামিক স্কলার ও খতিব শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল বুয়াইজান।তিনি মদিনা ইসলামিক ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার। তিনি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আলে সৌদের রাজকীয় আদেশে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে মসজিদে নববির খতিব হিসেবে নিয়োগ পান।এর আগে ১৪৩৪ হিজরিতে তাকে বাদশাহ আবদুল্লাহ তাকে ইমাম হিসেবে নিয়োগ দেন। চমৎকার ও হৃদয়গ্রাহী কোরআন তেলাওয়াতের জন্য শায়খ বুয়াইজান বিশ্বব্যাপী পরিচিত। সূত্র: ইসলামিক ইনফরম্যাশন
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, ০৪ জিলহ্বজ, ১৪৪৭