তাজাখবর২৪.কম,মহানগর ডেস্ক: যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে রাতে উভয় দিকে মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর নতুন সিদ্ধান্ত রোববার (৭ জুন) থেকে কার্যকর হচ্ছে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, বর্ধিত এই সময়ে প্রাথমিকভাবে উভয় দিক থেকে একটি করে বাড়তি ট্রিপ দেওয়া হবে। এই সময়সূচি চূড়ান্ত করার আগে গত এক মাস ধরে মাঠপর্যায়ে নিবিড় পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাতে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে সবশেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত সাড়ে ১০টায়। আগে এই স্টেশন থেকে সবশেষ ট্রেন ছাড়ার সময় ছিল রাত ১০টা ১০ মিনিট। অন্যদিকে, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে শেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত ৯টা ৫০ মিনিটে। আগে উত্তরা থেকে সবশেষ ট্রেন ছাড়ার নির্ধারিত সময় ছিল রাত সাড়ে ৯টা।
ডিএমটিসিএল-এর একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শুরুতে মতিঝিল থেকে রাত ১১টা এবং উত্তরা থেকে রাত ১০টার পর পর্যন্ত ট্রেন চালানোর একটি বড় পরিকল্পনা ছিল। তবে এক লাফে অনেক বেশি সময় বাড়ালে রাতে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে কি না, তা নিয়ে কিছুটা সংশয় ছিল। তাই আপাতত ২০ মিনিট করে সময় বাড়িয়ে যাত্রীদের সাড়া দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে যাত্রীদের চাহিদার ওপর ভিত্তি করে প্রয়োজন অনুযায়ী সময় আরও বাড়ানো হতে পারে।এর আগে গত বছরের অক্টোবরেও মেট্রোরেল চলাচলের সময়সীমা মোট এক ঘণ্টা বাড়ানো হয়েছিল। তখন সকালে আধা ঘণ্টা আগে ট্রেন চলাচল শুরু হয় এবং রাতেও আধা ঘণ্টা সময় বাড়ানো হয়েছিল।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশ চালুর মাধ্যমে ঢাকায় প্রথম মেট্রোরেলের ঐতিহাসিক যাত্রা শুরু হয়। এরপর পর্যায়ক্রমে ২০২৩ সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত সব কটি স্টেশনে পুরোদমে যাত্রী ওঠানামা শুরু হয়। বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে চার লাখ যাত্রী যানজটহীন ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে মেট্রোরেলে যাতায়াত করছেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ৭ জুন ২০২৬, ২৪শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ২০ জিলহ্বজ, ১৪৪৭