গোবিন্দগঞ্জে চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি, জড়িত গ্রেফতার- ৩
তাজুল ইসলাম প্রধান,তাজাখবর২৪.কম, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম মজিবর রহমান বিএসসি’র বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন রাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম মজিবর রহমান বিএসসি’র বাড়িতে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ জুন রাতে কোমরপুর বাজার এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, দরবস্ত ইউনিয়নের খামারপাড়া গ্রামের শাহিন সরকারের ছেলে মমিন সরকার ওরফে ইদু (৩০), একই গ্রামের মোস্তফা শেখের ছেলে উজ্জ্বল মিয়া (৩০) এবং পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর ফকিরপাড়া গ্রামের মরহুম মোজাম্মেল হকের ছেলে রুহুল করিম (৪২)।পুলিশ জানায়, ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।