প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৯:২১ পিএম (ভিজিট : )
তিন মাস পর বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
তাজাখবর২৪.কম,ঢাকা: তিন মাস আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক ওয়াসিম আকরামের মরদেহ অবশেষে দেশে ফিরেছে। শনিবার (৫ জুলাই) দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে তার মরদেহ বাংলাদেশে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ।মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।নিহত ওয়াসিম আকরাম (২৮) বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা রমজান আলীর ছেলে। বিজিবির তথ্যমতে, ১১ এপ্রিল সকালে সীমান্তবর্তী ইছামতী নদীর ভারতীয় অংশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে রমজান আলী বাংলাদেশের অংশে দাঁড়িয়ে মরদেহটি তার ছেলে ওয়াসিম আকরামের বলে শনাক্ত করেন।
ওইদিনই বিএসএফ মরদেহটি উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর মরদেহ ফিরে পাওয়ার জন্য ওয়াসিমের বাবা বিজিবির কাছে লিখিত আবেদন করেন। বিজিবি এ বিষয়ে বিএসএফের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে। দীর্ঘ তিন মাসের প্রচেষ্টার পর ভারতীয় কর্তৃপক্ষ মরদেহ ফেরত দিতে সম্মত হয়।
শনিবার বেলা ১২টা ৩০ মিনিটে মেইন সীমান্ত পিলার ৬০-এর নিকট বিজিবি, বিএসএফ ও দুই দেশের পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ওয়াসিম আকরামের বাবা রমজান আলী (৬০) ও বড় ভাই মেহেদী হাসান (৩৫) মরদেহ গ্রহণ করেন।
পরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বাঘাডাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে ওয়াসিমের দাফন সম্পন্ন হয়।উল্লেখ্য, গত ১১ এপ্রিল ভারত-বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ হন ওয়াসিম আকরাম। সীমান্ত পেরিয়ে গরু আনার সময় তিনি গুলির শিকার হন বলে ধারণা করা হচ্ছে। বিএসএফের গুলিতে নিহত হয়ে তার মরদেহ ইছামতী নদীর ভারতীয় অংশে পড়ে ছিল।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ৫ জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২, ৯মহররম, ১৪৪৭